প্রথমবারের মতো এক বছর মেয়াদি বিশেষ রেপো চালু

ইত্তেফাক রিপোর্ট

প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দিতে আরেকটি নতুন সুযোগ সৃষ্টি করেছে কেন্দ্রীয় ব্যাংক। অর্থ সংকটে পড়া ব্যাংকগুলোকে অর্থের যোগান দিতে একবছর মেয়াদি বিশেষ রেপো চালু করা হয়েছে। এই ধারের অর্থ দিয়ে ঋণ বিতরণ করতে পারবে ব্যাংকগুলো। আগে সর্বোচ্চ ২৮ দিন মেয়াদে রেপোর মাধ্যমে অর্থ ধার নিতে পারতো ব্যাংকগুলো। গতকাল এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। করোনা সংকট মোকাবিলার জন্য এর আগে ব্যাংকগুলোর কাছে অর্থ পর্যাপ্ত রাখতে অন্তত পাঁচটি সুবিধা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, আগে থেকে তিন ধরনের রেপো ছিল। ৭ দিন, ১৪ দিন  ও ২৮ দিন মেয়াদি। এই স্বল্পকালীন রেপোর মাধ্যমে অর্থ নিয়ে তাত্ক্ষণিক তারল্য ঘাটতি মেটাতে পারে ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক ঘোষিত দুটি প্যাকেজে অন্তত ৫০ হাজার কোটি টাকা চলতি মূলধন (ওয়ার্কিং ক্যাপিটাল) হিসেবে ঋণ দিতে হবে। এই ঋণ দেওয়ার ক্ষেত্রে অর্থের সংকট যেন তৈরি না হয় সেজন্য ৩৬০ দিন মেয়াদি নতুন রেপো চালু করা হয়েছে।

গতকালের প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনা ভাইরাসের বিরূপ প্রভাব মোকাবিলায় ঘোষিত বিভিন্ন প্যাকেজ বাস্তবায়নে মুদ্রাবাজারে তারল্য ব্যবস্থাপনা সুষ্ঠুতর করার লক্ষ্যে ৩৬০ দিন মেয়াদি বিশেষ রেপো চালু করা হলো। এই অর্থ শুধু ঋণ দেওয়ার জন্য খরচ  করা যাবে।  বিধিবদ্ধ জমা (এসএলআর) জমা রেখে যে পরিমাণ বিল ও বন্ড অতিরিক্ত থাকবে তা জামানত রেখে এই রেপো নিতে পারবে ব্যাংকগুলো। তবে ট্রেজারি বিলে ১৫ শতাংশ এবং বন্ডের ফেসভ্যালুর ৫ শতাংশ মার্জিন রাখতে হবে। অর্থাত্ ১০০ টাকার বিল জামানত রেখে ৮৫ টাকা এবং ১০০ টাকার বন্ড জামানত রেখে ৯৫ টাকা অর্থ ধার নিতে পারবে ব্যাংকগুলো।