প্রতিষ্ঠার ১৩ বছর পেরিয়ে গেলেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সীমানা প্রাচীর নেই। ক্যাম্পাসের চারপাশে অরক্ষিত অবস্থায় রয়েছে বিশাল অংশ। ফলে বহিরাগতরা অবাধে প্রবেশ করে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ক্যাম্পাসে পেছনের অংশে তারকাঁটা ও সিমেন্টের খুঁটি দিয়ে অস্থায়ীভাবে সীমানা বেড়া দেওয়া হয়। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে কিছুদিন পরেই সীমানা বেড়ার তারকাঁটা উধাও হয়ে যায়। সীমানা বলতে এখন শুধু খুঁটিই রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনের পেছন থেকে কেন্দ্রীয় খেলার মাঠের ডানপাশ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল পর্যন্ত কোনো স্থায়ী সীমানা প্রাচীর নেই। ক্যামপাসের বিশাল অংশ জুড়ে স্থায়ী সীমানা প্রাচীর না থাকায় শিক্ষক ও শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিভিন্ন সময়ে ক্যাম্পাসে ছিনতাই হচ্ছে। এছাড়া আবাসিক হলগুলোয়ও বিভিন্ন সময়ে ঘটছে চুরির ঘটনা। এ অবস্থায় ক্যাম্পাসে শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
রাসেল আহমেদ
শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়