স্বাস্থ্যবিধি না মানায় এবার সানরাইজ প্লাজা বন্ধ করে দিল পুলিশ

ইত্তেফাক রিপোর্ট

করোনা ভাইরাস মোকাবিলায় যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় রাজধানীর এলিফ্যান্ট  রোডের সানরাইজ প্লাজা বন্ধ করে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার এইচ এম আজিমুল হক বলেন, বুধবার দুপুরে এই মার্কেটটি বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার বঙ্গবাজার এবং ধানমন্ডির অরণ্য ও ভিআইভিই নামে দুটি ফ্যাশন হাউজের আউটলেট বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া রবিবার এআরএ সেন্টার ও এডিসি ইমপায়ার নামে দুটি মার্কেট বন্ধ করে দেওয়া হয়।

আজিমুল হক বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সুরক্ষামূলক ব্যবস্থা না থাকায় সানরাইজ মার্কেট বন্ধ করে দেওয়া হয়েছে। গত দু’দিন মার্কেট পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যবিধি অনুসরণ এবং স্প্রে ট্যানেল বসানোর জন্য অনুরোধ করেন তারা। মার্কেট কর্তৃপক্ষ তাদের কথা দিয়েছিলেন যে তারা যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করবেন এবং স্প্রে টানেল বসাবেন। কিন্তু বুধবার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঐ মার্কেট পরিদর্শনে গেলে সেখানে আগের অবস্থাই দেখেন। সে কারণে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মার্কেটটি বন্ধ করা হয়।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মার্কেট কর্তৃৃপক্ষ বা ব্যবসায়ীরা স্প্রে টানেল স্থাপন এবং সরকারের নির্দেশনা অনুসারে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করলে পুনরায় দোকান খুলতে পারবেন। সাধারণ ছুটিতে ও আসন্ন ঈদকে সামনে রেখে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে বেশ কিছু শর্তে সরকার ১০ মে থেকে বিপণিবিতান খোলার অনুমতি দিয়েছে।