বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক
ইত্তেফাক রিপোর্ট
বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর গরম মসলার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ পাইকারি গরম মসলা ব্যবসায়ী সমিতি। মশলাভেদে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত দাম কমানো হবে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
গতকাল বুধবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে সমিতির ছয় সদস্যের প্রতিনিধি দলের এক বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়। বৈঠকে বাণিজ্যসচিব ড. মো. জাফরউদ্দিন উপস্থিত ছিলেন। এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইআইটি) মো. ওবায়দুল আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গরম মসলার আন্তর্জাতিক বাজার ও বাংলাদেশে আমদানি মূল্য পর্যালোচনা করা হয়। পরে ব্যবসায়ীরা গরম মসলার দাম কমানোর সিদ্ধান্ত নেয়।
আলোচনার পর বাংলাদেশ পাইকারি গরম মসলা ব্যবসায়ী সমিতি গরম মসলার মূল্য তালিকা ঘোষণা করেন। মূল্য তালিকা হলো: জিরা (ভারত) প্রতি কেজি ৩০০ থেকে ৩৪০ টাকা, দারুচিনি (চীন) প্রতি কেজি ৩১০ থেকে ৩৩০ টাকা, দারুচিনি (ভিয়েতনাম) প্রতি কেজি ৩৫০ থেকে ৩৭০ টাকা, লবঙ্গ প্রতি কেজি ৬৮০ থেকে ৭২০ টাকা, এলাচ প্রতি কেজি ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার ২০০ টাকা, গোলমরিচ (সাদা) ৫৫ থেকে ৫৮০ টাকা ও গোলমরিচ (কালো) ৩৬০ থেকে ৩৮০ টাকা। ঘোষিত মূল্য তালিকায় স্বাক্ষর করেন সমিতির সভাপতি মো. এনায়েতউল্লাহ এবং মহাসচিব মো. আতিকুল হক।