বিশেষ প্রতিনিধি
রাজধানীর শ্যামলী শিশু মেলার সামনে থেকে প্রায় আড়াই হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়। মঙ্গলবার বিকালে অভিযানে তাদেরকে গ্রেফতার করে র্যাব-২। গ্রেফতারকৃতরা হলেন—বাবুল আকন ও সুমন কামাল। র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. জাহিদ আহসান জানান, পেটের ভেতর বিপুল পরিমাণ ইয়াবা বিশেষ কায়দায় লুকিয়ে বহন করার সময় দুই জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে কামাল পেটে ইয়াবা বহন করছে বলে স্বীকার করে। পরে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে পেট থেকে ৫৫টি পলিথিন মোড়ানো প্যাকেট (২৪৭৫ পিস ইয়াবা) বের করা হয়। তিনি বলেন, এসময় গ্রেফতার আরেক জনের কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ ১৮ লাখ ১ হাজার টাকা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।