দেশের বিজ্ঞানীদের করোনার জিন নকশা উন্মোচন

বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্স বা জিন নকশা উন্মোচন করেছে শিশু স্বাস্থ্য গবেষণা ফাউন্ডেশন। বিষয়টি স্বীকৃতির জন্য গত মঙ্গলবার জার্মান সংস্থা গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডাটায় (জিআইএসএইড) জমা দেওয়া হয়েছে। এর ফলে ভাইরাসটির জীবনকাল, গতিবিধি, আক্রমণের ধরন ইত্যাদি জানা সহজ হবে। চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তারাই দেশে প্রথম করোনার জিনোম সিকোয়েন্স উদ্ঘাটন করল। চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের ঢাকা ল্যাবে সম্পূর্ণ গবেষণাটি সম্পন্ন হয়েছে বলেও বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

জিআইএসএইডের ওয়েবসাইট থেকে জানা গেছে, শিশু স্বাস্থ্য গবেষণা ফাউন্ডেশনের (সিএইচআরএফ) নির্বাহী পরিচালক ড. সমীর কুমার সাহার নেতৃত্বাধীন প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সিকোয়েন্সটি জমা দিয়েছেন সেজুঁতি সাহা। এই গবেষণায় তাদের সঙ্গী ছিলেন রলি মালাকার, সাইফুল ইসলাম সজীব, হাসানুজ্জামান, হাফিজুর রহমান, শাহিদুল ইসলাম, জাবেদ বি আহমেদ ও মাকসুদ ইসলাম। গত ১৮ এপ্রিল এই গবেষণা দলটি ২২ বছর বয়সি এক নারীর কাছ থেকে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে কাজ শুরু করে।

সাধারণত ভাইরাসের সিকোয়েন্স বের করা কিছুটা দুঃসাধ্য। সেখানে করোনা ভাইরাসের মতো সংক্রমণশীল ভাইরাসের সিকোয়েন্স করা খুবই কঠিন। চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন ভাইরাসটিকে নিষ্ক্রিয় করে মেটাজিনোমিক সিকোয়েন্সিংয়ের মাধ্যমে         সম্পূর্ণ জিনোম সিকোয়েন্সিংয়ের কাজ সম্পন্ন করেছে। তারা আশা করছেন, খুব শিগগিরই বাংলাদেশের বিভিন্ন স্থানের নমুনা থেকে আরো কিছু ভাইরাসের সিকোয়েন্সিং করতে সক্ষম হবেন তারা। যা এখানকার ভাইরাসটির উত্পত্তি, গতি প্রকৃতি বুঝতে ও প্রতিরোধের উপায় খুঁজতে সহায়তা করবে।

ড. সমীর সাহা বলেন, প্রমাণিত হলো এ ধরনের গবেষণার সক্ষমতা বাংলাদেশের আছে। করোনার এই ধরনটি রাশিয়া ও সৌদি আরবেও দেখা গেছে। আরও ৫০ থেকে ১০০টি সিকোয়েন্স করলে বোঝা যাবে আমাদের দেশে কোন ধরনের সংক্রমণ ছড়াচ্ছে এবং সেটা কতটা মারাত্মক। জিনোম সিকোয়েন্সিংয়ের ফলে ভবিষ্যতে এই ভাইরাস প্রতিরোধে যে ধরনের ভ্যাকসিন আসবে সেগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে কতটা কার্যকর হবে এবং সেগুলো কোনো ক্ষতিকর প্রভাব ফেলবে কি না, তাও সহজে নির্ধারণ করা সম্ভব হবে।

এর আগে যুক্তরাষ্ট্র, ইউরোপের কয়েকটি দেশ, চীন এবং ভারতীয় বিজ্ঞানীরাও করোনা ভাইরাসের জীবনরহস্য উন্মোচন করেছেন।