দেশের ১৭টি মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউ সুবিধা বাড়ানোসহ করোনা মোকাবিলায় স্বাস্থ্য খাতে ১০ কোটি ডলার (৮৫০ কোটি টাকা) ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। গতকাল বুধবার সরকার ও এডিবির মধ্যে ঢাকায় এ সংক্রান্ত চুক্তি সই হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং এডিবির পক্ষে মনমোহন প্রকাশ চুক্তিতে সই করেন। ৩০ এপ্রিল এই ঋণ এডিবির বোর্ড সভায় অনুমোদন করা হয়েছিল।
ইআরডি জানিয়েছে, কোভিড-১৯ রেসপন্স ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্ট প্রকল্পে মোট ব্যয় হবে ১১ কোটি ৩৩ লাখ ডলার (৯৬৩ কোটি টাকা)। এর মধ্যে এডিবি বাংলাদেশ সরকারকে ১০ কোটি ডলার (৮৫০ কোটি টাকা) ঋণ প্রদান করবে। অবশিষ্ট ১ কোটি ৩৩ লাখ ডলার (১১৩ কোটি টাকা) বাংলাদেশ সরকার নিজস্ব তহবিল হতে যোগান দেবে। ১ শতাংশ সুদে এডিবির এই ঋণ ১০ বছর রেয়াতকালসহ ৪০ বছরে পরিশোধ করতে হবে। প্রকল্পটির মাধ্যমে কভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিত্সাসেবা সক্ষমতা বৃদ্ধি ও রোগের বিস্তার রোধ, নিয়ন্ত্রণ, চিকিত্সাসেবা জোরদারকরণ ও জরুরি প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও যন্ত্রপাতি সরবরাহ করা হবে।
এছাড়া টেস্ট ফ্যাসিলিটি বৃদ্ধি, মাইক্রোবায়োলজি ল্যাব ও পিসিআর মেশিন স্থাপন, পিপিইসহ অন্যান্য সুবিধা তৈরি করা হবে। এ প্রকল্পের আওতায় ১৭টি মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউ সুবিধাদি বৃদ্ধি করা হবে এবং মানব সম্পদ উন্নয়নে প্রয়োজনীয় প্রশিক্ষণ, নিয়োগ ও অন্যান্য সুবিধাদি তৈরি করা হবে বলে ইআরডি জানিয়েছে। তাছাড়া প্রকল্পটির মাধ্যমে স্থলবন্দরগুলোতে পরীক্ষা সংক্রান্ত সুবিধা বাড়ানো হবে। প্রকল্পটি চলতি বছর মে মাসে শুরু হয়ে ২০২৩ সালের জুন পর্যন্ত বাস্তবায়ন করা হবে। উল্লেখ্য, ইতিমধ্যে এডিবি করোনা মোকাবিলায় স্বাস্থ্য খাতে তাত্ক্ষণিক সাড়ে ৩ লাখ ডলার (২৯৮ কোটি টাকা) সহায়তা দিয়েছে। ১১ মে করোনা মোকাবিলায় বাজেট সহায়তা আকারে ৫০ কোটি ডলার (৪২৫০ কোটি টাকা) ঋণের চুক্তিও করেছে।