রাজধানীর কলেজগেটে মুক্তিযোদ্ধা টাওয়ারে বেসরকারি একটি হাসপাতালে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের বিরুদ্ধে সরকারি বিভিন্ন হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে এনে প্রতারণা ও অপচিকিত্সার অভিযোগ রয়েছে। গতকাল বুধবার বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে প্রাইম অর্থোপেডিক অ্যান্ড জেনারেল হাসপাতালের দালাল চক্রের ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত দালাল চক্রের অন্য সদস্যরা হলেন :বাবুল হোসেন, আকাশ, দুলাল, কামাল হোসেন, জাকির হোসেন, মোকাররম হোসেন, দুধ মিয়া, মোবারক খাঁ, বিল্লাল ওরফে পিচ্চি বিল্লাল ও ফারুক হোসেন। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, গ্রেপ্তার ১১ জনের মধ্যে ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এদের মধ্যে চার জনকে ছয় মাসের ও ছয় জনকে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়। আর হাসপাতালটির মালিক আবদুর রাজ্জাককে ৬ লাখ টাকা জরিমনা করা হয়েছে। তিনি বলেন, ‘বুধবারও এক রোগীর অস্ত্রোপচার করেছেন হাসপাতালটির একজন ভুয়া চিকিত্সক। তাকে আমরা খুঁজছি।’