বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতারা বলেছেন, প্রাণঘাতী করোনার সঙ্গে ডেঙ্গুও প্রতিরোধ করতে হবে। এ ব্যাপারে কালবিলম্ব না করে সরকার এখনই যথাযথ পদক্ষেপ গ্রহণ না করলে জনজীবনকে রক্ষা করা যাবে না। করোনার সঙ্গে ডেঙ্গুরও প্রাদুর্ভাব ঘটলে তা হবে মড়ার উপর খাঁড়ার ঘা। তাই ঢাকা সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র ও কাউন্সিলরদের এখনই এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে হবে। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এক মানববন্ধন কর্মসূচিতে পার্টির নেতারা এ আহ্বান জানান।