সাংবাদিক, প্রবাসীদের ও কর্মহীন শ্রমিকদের আর্থিক সহায়তা দিন — ইসলামী শ্রমিক আন্দোলন

মানবিক কারণে ও দুর্দশা লাঘবে করোনা পরিস্থিতিতে সকল শ্রেণির কর্মহীন শ্রমিকদেরকে ২৫ রমজানের মধ্যে ১৫ হাজার টাকা করে এককালীন সহযোগিতা করার আহ্বান জানিয়েছে চরমোনাই পীর সাহেবের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) শ্রমিক সংগঠন ইসলামী শ্রমিক আন্দোলন। গতকাল বুধবার রাজধানীর পুরানা পল্টনে আইএবির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ আহ্বান জানান ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ও আইএবির রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন।

লিখিত বক্তব্যে করোনাযোদ্ধা গণমাধ্যমকর্মীদেরকে উল্লেখযোগ্য অর্থসহায়তা প্রদান, অসহায় হয়ে যাওয়া প্রবাসীদের পরিবারকে নগদ সহযোগিতা দেওয়াসহ সরকারি খরচে বেকার হয়ে যাওয়া প্রবাসীদেরকে দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়।

সড়ক পরিবহন, নৌপরিবহন, হোটেল-রেস্তোরাঁ, নির্মাণ শ্রমিক, ভ্রাম্যমাণ হকার, ফুটপাতের হকার, বন্ধ কলকারখানার শ্রমিক, দোকান শ্রমিক, দিনমজুর, কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী, সেলুন শ্রমিক, লন্ড্রী শ্রমিক, ঘাটমাঝি, কুলি মজুর, কোয়ারি শ্রমিক, আইনজীবী সহকারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দলমত-ধর্মবর্ণ নির্বিশেষে সরকারের পক্ষ থেকে বিশেষ সহযোগিতা কার্যক্রম অব্যাহত রাখারও দাবি জানায় ইসলামী শ্রমিক আন্দোলন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলনের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব আব্দুর রহমান, সহসভাপতি মুহাম্মদ হারুন অর রশিদ, সংগঠনের সেক্রেটারী জেনারেল হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। অনলাইনে যুক্ত ছিলেন—ইসলামী শ্রমিক আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি জেনারেল শহিদুল ইসলাম কবির, অ্যাডভোকেট এবিএম শেহাবুদ্দিন শেহাব প্রমুখ।