আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বিএনপির সিনিয়র যু্গ্মমহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, এখন ওবায়দুল কাদের স্বীকার করেছেন, ‘দেশের করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। যেভাবে ক্রমশ আক্রান্তের সংখ্যা বেড়ে চলছে তাতে সামনের দিকে পরিস্থিতি আরো খারাপ হওয়ার ইঙ্গিত পাচ্ছি।’ তারা যে বলেছিল করোনার চেয়েও আওয়ামী লীগ শক্তিশালী, তাহলে এখন সেই শক্তি কোথায় গেল। এখন কেন তারা ঘরের ভেতর বসে শুধু অসত্য ও বিভ্রান্তির ধারাবিবরণী দিচ্ছেন? গতকাল বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে অনলাইনে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, করোনা ভাইরাসে গোটা বাংলাদেশ এখন বিপর্যস্ত। লাফিয়ে বাড়ছে সংক্রমণ আর মৃত্যুর হার। মাত্র দুই মাসেই ‘এশিয়ার হটস্পটে’ পৌঁছেছে বাংলাদেশ। জনতত্ত্ব-ঘনবসতি ও আক্রান্তের হার হিসাবে সংক্রমণের এ সূচক ভয়ংকরভাবেই স্পষ্ট। আক্রান্তের হিসাবে দক্ষিণ এশিয়ায় ভারত-পাকিস্তানের পেছনে থাকলেও সংক্রমণ হারে এশিয়ার অর্ধশতাধিক দেশের শীর্ষে এখন বাংলাদেশ। আমরা এক অচিন্তনীয় দুর্দিন পার করছি।
তিনি বলেন, ভাইরাসের তাণ্ডব সম্পর্কে আমরা শুরু থেকেই সতর্ক করে আসছিলাম। প্রস্তুতি গ্রহণের আহ্বান জানাচ্ছিলাম। অথচ দেখলাম ভিন্ন চিত্র। জনবিচ্ছিন্ন এই সরকার এবং তাদের মন্ত্রীদের বক্তব্যের ধরন দেখলে মনে হয় তারা এটাকেও ‘গুজব আর ষড়যন্ত্র’ বলে উড়িয়ে দিতে চেয়েছিলেন। তিনি বলেন, এই মে মাসেই আটক করা হয়েছে আট জন সাংবাদিককে। এই ভয়াবহ দুর্দিনেও ক্ষমতাসীনরা দেশকে মগের মুল্লুকে পরিণত করেছে। বিভিন্ন বিষয়ে সিদ্ধান্তহীনতা ও সরকারের সব ব্যর্থতার দায় এখন জনগণের ওপর চাপাবার চালাকি করা হচ্ছে।