অবৈধ সম্পদ অর্জনের মামলায় কারা অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক (সাময়িক বরখাস্ত) বজলুর রশীদকে জামিন দেয়নি হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের একক ভার্চুয়াল বেঞ্চ গতকাল বুধবার তার জামিন আবেদন খারিজ করে দেন।
আদালতে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শুনানিতে অংশ নেন আইনজীবীরা। এ সময় দুদকের পক্ষে মো. খুরশীদ আলম খান, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশিরউল্লাহ, আসামির পক্ষে মেজবাহুল ইসলাম আসিফ শুনানি করেন।
দুদকের দায়েরকৃত মামলার এজাহারে বলা হয়, ডিআইজি বজলুর রশিদ অবৈধ সম্পদের অর্থ থেকে রাজধানীর সিদ্ধেশ্বরীতে ৩ কোটি ৮ লাখ টাকা দিয়ে একটি ফ্ল্যাট কেনেন। কিন্তু তিনি উক্ত অর্থের কোনো বৈধ উত্স দেখাতে পারেননি। পরে দুদকের উপপরিচালক সালাহউদ্দিন বাদী হয়ে অসাধু উপায়ে অর্থ উপার্জনের অভিযোগে দুদক আইনের ২৭ (১) ধারায় এ মামলা দায়ের করেন। গত ২০ অক্টোবর দুদক পরিচালক মো. ইউসুফের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেফতার করে। এরপর থেকে তিনি কারাগারে আছেন।