এসএসসির ফরম পূরণে বাড়তি ফি

মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটে দুদকের অভিযান

ইত্তেফাক রিপোর্ট

এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগে মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের সহকারী পরিচালক নার্গিস সুলতানা ও মোহাম্মদ জিন্নাতুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

দুদক সূত্র জানায়, কমিশনের অভিযোগ কেন্দ্রের হটলাইন ১০৬ এ অভিযোগ আসে যে, এসএসসি পরীক্ষা-২০১৯ এর ফরম পূরণের জন্য সরকার কর্তৃক নির্ধারিত ফির পরিবর্তে মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট কর্তৃপক্ষ অতিরিক্ত টাকা নিচ্ছে। তাত্ক্ষণিকভাবে ঐ স্কুলে অভিযান চালায় দুদক বিশেষ টিমের সদস্যরা। অভিযানকালে বিদ্যালয়টির অধ্যক্ষ মোছাঃ নাসরিন নাহারের সাথে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করে দুদক টিম।

দুদক টিম সরেজমিনে পরিদর্শন এবং রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখে ফরম পূরণে সরকার নির্ধারিত ফি নেওয়া হলেও একই সাথে শিক্ষার্থীদের নিকট থেকে কোচিং ও অন্যান্য ফি বাবদ বিনা রশিদে সাকুল্যে অতিরিক্ত ৩৫৬০ টাকা করে নেওয়া হচ্ছে। উল্লেখ্য, এ বিদ্যালয় থেকে এ বছর ৪৪০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।

পরবর্তীতে বিনা রশিদে অতিরিক্ত ফি আদায়ের জন্য দুর্নীতি দমন কমিশনের হস্তক্ষেপের প্রেক্ষিতে সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষ লিখিতভাবে প্রত্যয়ন প্রদান করেন যে, ‘যারা অর্থিকভাবে অসচ্ছল ও ফি প্রদানে অপারগ তাদের ফি মওকুফ করা হবে এবং কোনো অভিভাবক আপত্তি করলে কোচিং ফি ফেরত প্রদান করা হবে।’