উপহারের ৫৫ হাজার টাকা ত্রাণ তহবিলে দিল শিশু সোয়াইব

এবার রাসিক মেয়রের ত্রাণ তহবিলে অনুদান দিয়েছে সাত মাস বয়সের শিশু আরিয়াত রহমান সোয়াইব। সে নগরীর উপশহর নিবাসী আলমগীর ও সুফিয়া বেগমের সন্তান। শিশুকে সঙ্গে নিয়ে মঙ্গলবার দুপুরে নগর ভবনে আসেন বাবা-মা। এরপর শিশু সোয়াইবের উপহার পাওয়া ৫৫ হাজার টাকা তুলে দেন মেয়রের হাতে। এতে অভিভূত মেয়র তাৎক্ষণিক কোলে তুলে নেন ত্রাণ তহবিলের সর্বকনিষ্ঠ দাতা শিশু সোয়াইবকে।

জানা গেছে, করোনা মোকাবিলায় মানবিক সহায়তা হিসেবে কর্মহীনদের খাদ্য সহায়তার জন্য ত্রাণ তহবিল গঠন ও অনুদানের আহ্বান জানান রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। তার আহ্বানে সাড়া দিয়ে ৫৫ হাজার টাকা দান করে শিশু আরিয়াত রহমান সোয়াইব মেয়রের ত্রাণ তহবিলের সর্বকনিষ্ঠ দাতা হয়েছে।

শিশু সোয়াইবের বাবা মো. আলমগীর বলেন, আমার দুই মেয়ে আছে। ছোটো মেয়ের জন্মের ১৫ বছর পর পুত্র সন্তানের বাবা হয়েছি। এ উপলক্ষে শিশুপুত্র সোয়াইবকে অনেক আত্মীয়-স্বজন উপহার ও নগদ অর্থ দিয়েছেন। শিশু সোয়াইবের ৫৫ হাজার টাকা আজ মেয়রের ত্রাণ তহবিলে দিয়েছি। এতে আমাদের অনেক ভালো লাগছে। সমাজের সামর্থ্যবানদের উচিত মেয়রের এই মহতী উদ্যোগের পাশে থাকা।

এ ব্যাপারে সিটি মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, শিশু সোয়াইব ত্রাণ তহবিলের সর্বকনিষ্ঠ দাতা। বিষয়টি আমাকে আবেগাপ্লুত ও অভিভূত করেছে। পিতা-মাতার সঠিক আদর্শে শিশুরা প্রকৃত মানুষ ও মানবিক হয়ে বড়ো হয়ে উঠুক—এই দোয়া করি।

ইত্তেফাক/এমআর