চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নে র্যাব-৭ দুই ব্যক্তিকে ৬০ বস্তা সরকারি চাল সহ আটক করেছে। আটককৃতরা হলো, উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে মো. নুরুজ্জামান (৪৫) ও একই গ্রামের জাকির হোসেনের ছেলে আলা উদ্দিন (৩০)। র্যাব-৭ এর একটি দল বুধবার (১৩ মে) রাতে তাদের আটকের পর রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে এই সরকারি চাল উদ্ধার করে।
এই বিষয়ে র্যাব-৭ ফেনী ক্যাম্প এর কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. নুরুজ্জামান ইত্তেফাককে বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে মো. নুরুজ্জামান ও আলাউদ্দিনকে আটক করি। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে বুধবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত অভিযান পরিচালনা করে মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর গ্রামের আব্দুল কাদের ডাক্তার বাড়ি সংলগ্ন একটি গোডাউন থেকে ৬০ বস্তা চাল উদ্ধার করা হয়। মেপে দেখা যায় সেখানে ১৫৮৩ কেজি চাল রয়েছে। উদ্ধারকৃত চালের বস্তার উপর সরকারি লেভেল লাগানো রয়েছে। এ চাল কিভাবে তাদের কাছে গেলো তা আটককৃতদের কাছ থেকে জানার চেষ্টা করছি। পরবর্তী অপারেশনের স্বার্থে উক্ত বিষয়ে বিস্তারিত বলা যাচ্ছে না। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
সরকারি চাল উদ্ধার সম্পর্কে ওয়াহেদপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ফজলুল কবির ইত্তেফাককে বলেন, 'আমি শুনেছি র্যাব দুই ব্যক্তিকে সরকারি চাল সহ আটক করেছে। উদ্ধারকৃত চাল আমার ইউনিয়নের নয় এবং মিরসরাই উপজেলারও নয়। এগুলো অন্য জায়গার ত্রাণের চাল। কমলদহ বাজারে অনেকগুলো চোরাই তেলের দোকান রয়েছে। আটককৃত মো. নুরুজ্জামান স্থানীয় তেল চোরদের প্রতিনিধিত্ব করে। ড্রাইভারদের কাছ থেকে সে চোরাই তেল ছাড়াও বিভিন্ন ধরনের চোরাই পণ্য ক্রয় করে থাকে। উদ্ধারকৃত চালগুলো হয়তো সে কোন ড্রাইভারের কাছ থেকে কিনেছে।'
এই ব্যাপারে ওই এলাকার ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহ আলম ইত্তেফাককে বলেন, 'আটক মো. নুরুজ্জামান একজন চিহ্নিত ব্লাকার। এ ছাড়া আমি যতটুকু জানি, সে থানার সোর্স হিসাবে কাজ করতো এবং যারা কালোবাজারি ব্যবসা করে তাদের কাছ থেকে নিয়মিত মাসোয়ারা আদায় করতো। গত দুইবছর আগে সে বিএনপি থেকে আওয়ামীলীগে যোগ দেয়।'
এ ব্যাপারে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান ইত্তেফাককে বলেন, 'সরকারি ত্রাণের চাল সহ র্যাব দুই ব্যক্তিকে আটক করেছে বলে আমি শুনেছি। র্যাব এখনো আটককৃত ব্যক্তিদের আমাদের কাছে হস্তান্তর করেনি। আমি এই থানায় নতুন এসেছি, সোর্স হিসাবে কাউকে আমি চিনিনা। আমি জানি সরকারি চাল সহ তাদের আটক করা হয়েছে।'
ইত্তেফাক/আরএ