অলোক কুমার মিস্ত্রী
পরীক্ষক, বরিশাল শিক্ষা বোর্ড
বিভাগীয় প্রধান, জীববিজ্ঞান বিভাগ
সরকারি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ, নাজিরপুর, পিরোজপুর।
যথাযথ চিত্র ও তথ্য-উপাত্তসমৃদ্ধ প্রশ্নোত্তর উপস্থাপনই জীববিজ্ঞানে অধিক নম্বর প্রাপ্তিতে সহায়ক
প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিও। সংকট কেটে গেলে তোমাদের সেই কাঙ্ক্ষিত এইচ এস সি পরীক্ষা-২০২০ শুরু হবে। নিশ্চয়ই তোমরা, করোনার এই দুঃসময়ে্ও পড়াশুনা মনোযোগ সহকারে চালিয়ে যাচ্ছ। পরীক্ষার আগ মুহূর্তে তাই বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয় জীববিজ্ঞান ১ম ও ২য় পত্রে কীভাবে অধিক নম্বর পাওয়া যায় সে বিষয়ে কিছু দিক নির্দেশনা দেবার দায়ভার থেকে বলছি, জীববিজ্ঞান বিষয়ে অধিক নম্বর পাওয়া খুবই সহজ। আর এজন্য দরকার পাঠ্যবইয়ের অতীব গুরুত্বপূর্ণ সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নগুলো অনুধাবন করে পাঠ নিয়ে বেশি বেশি খাতায় না দেখে লেখার অভ্যাস গড়ে তোল। শিক্ষার্থীরা, খেয়াল রাখতে হবে উদ্ভিদবিজ্ঞান ও প্রাণিবিজ্ঞানে উত্তর সংশ্লিষ্ট চিত্রটি যথাযথ উপস্থাপন ও চিহ্নিত করাটা অতীব জরুরী। বৈজ্ঞানিক নামের নিচে আন্ডার লাইন টানা কিংবা উদ্দীপক বোঝে সঠিক উত্তর উপস্থাপন করা-এ বিষয়গুলো সতর্কতার সহিত বিবেচনায় রাখতে হবে। ছকসহ তুলনামূলক বিশ্লেষণ, শ্রেণিবিন্যাস ও চিত্র সংবলিত প্রশ্নের সঠিক চিত্র উল্লেখপূর্বক প্রশ্ন সঠিকভাবে উপস্থাপন করতে পারলে পরীক্ষায় অধিক নম্বর অতি সহজে পাওয়া যায়। জীববিজ্ঞানের একজন বোর্ড পরীক্ষকের কাছ থেকে অধিক নম্বর পেতে হলে সৃজনশীল জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নের যথাযথ উত্তর এবং প্রয়োগ প্রশ্নের সাথে সংশ্লিষ্টচিত্র এবং উচ্চতরদক্ষতামূলক প্রশ্নের তথ্য ও উপাত্ত সমৃদ্ধ গুণসম্পন্ন বিশ্লেষণধর্মী লেখা চাই। তাই প্রশ্নের সাথে সঙ্গতি নেই এ রকম বিষয় পরীক্ষার উত্তরপত্রে উপস্থাপন না করাই অতি উত্তম। চিত্র সংবলিত প্রশ্নের ক্ষেত্রে বেশি বেশি যত্নশীল হতে হবে। সেই সাথে উদ্ভিদবিজ্ঞান ও প্রাণিবিজ্ঞান বিষয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ অধ্যায়ের দিকে নজর দিতে হবে। মনে রাখতে হবে, কঠোর অধ্যবসায়ই সঠিক লক্ষ্যে পৌঁছানোর একমাত্র চাবিকাঠি। ২০২০ সালে সকল বোর্ডের এইচ এস সি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো হলো-জীববিজ্ঞান ১ম পত্রে-অধ্যায়-০১ কোষ ও এর গঠন, অধ্যায়-০২ কোষ বিভাজন, অধ্যায়-০৪ অনুজীব (ম্যালেরিয়া, কলেরা টপিক) অধ্যায়-০৫ শৈবাল ও ছত্রাক, অধ্যায়-৬ ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা, অধ্যায় -০৭ নগ্নবীজী ও আবৃতবীজী , অধ্যায়-০৯ উদ্ভিদ শারীরতত্ত্ব , অধ্যায়-১১ জীবপ্রযুক্তি এবং জীববিজ্ঞান ২য় পত্রে-অধ্যায়-০১ প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস, অধ্যায়-০২ প্রাণীর পরিচিতি ( হাইড্রা ও ঘাসফড়িং), অধ্যায়-০৪ মানব শরীরতত্ত্ব ঃ রক্ত ও সংবহন, অধ্যায়-০৫ শ্বসন ও শ্বাসক্রিয়া, অধ্যায়-০৬ মানব শরীরতত্ত্ব ঃ বর্জ্য ও নিষ্কাশন, অধ্যায়-০৮ মানব শরীরতত্ত্ব ঃ সমন্বয় ও নিয়ন্ত্রণ, অধ্যায়-০৯ মানব জীবনের ধারাবাহিকতা, অধ্যায়- ১১ জীনতত্ত্ব ও বিবর্তন। আশা করি, পরীক্ষার্থীরা গুরুত্ব বোঝে এই অধ্যায়গুলো মনোযোগ সহকারে অধ্যায়ন করলে অন্ততঃ জীববিজ্ঞান ১ম পত্র প্রশ্ন থেকে ৫টি এবং জীববিজ্ঞান ২য় পত্র প্রশ্ন থেকে ৫টি সৃজনশীল প্রশ্নের উত্তর অতি সহজে দিতে পারবে। আর বহুনির্বাচনি প্রশ্নের জন্য NCTB অনুমোদিত সকল পাঠ্য বইয়ের বহুনির্বাচনি প্রশ্ন ও বিভিন্ন কলেজের নির্বাচনি পরীক্ষার বহুনির্বাচনি প্রশ্ন পাঠ গ্রহণ করলে জীববিজ্ঞানের বহুনির্বাচনি প্রশ্ন ১ম ও ২য় পত্রে সর্বাধিক সঠিক উত্তর দেওয়া যায়। মনে রাখবে, সৃষ্টিকর্তা পরিশ্রমী ব্যক্তিকে পছন্দ করেন। মনোযোগ সহকারে অধ্যবসায় কর এবং সঠিকভাবে তথ্য উপাত্তসমৃদ্ধ লেখা পরীক্ষার উত্তরপত্রে উপস্থাপন করো, দেখবে সাফল্য তোমার কাছে ধরা দিচ্ছে।