একটি মানবিক সমবেত সংগীত ‘আমাদের ঐক্যবদ্ধ যুদ্ধ’ রচনার মধ্য দিয়ে বিশ্ববাসী ও সকল কোভিড যোদ্ধাদের করোনার বিরুদ্ধে লড়াইয়ে একজোট হওয়ার বার্তা দিলো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তথা দ্য ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর)। গত ১৩ মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায় সংস্থাটির ঢাকা অফিস। কোভিড যোদ্ধাদের কুর্নিশ জানাতে বিদেশমন্ত্রকের তরফে মুক্তি পেল মিউজিক ভিডিও ‘আমাদের ঐক্যবদ্ধ যুদ্ধ’। যেখানে অংশ নিয়েছেন উষা উত্থুপ, পণ্ডিত রাকেশ চৌরাসিয়া, উস্তাদ ফয়জল কুরেশি ও সংগীতশিল্পী সেলিম মার্চেন্টরা।
অন্ধকার সময় কেটে যাবে, ফের একবার খুশির আলোয় উদ্ভাসিত হবে এই পৃথিবী—গানে গানে এই বার্তাই দিলেন তারা। গানের কথা ইংরেজিতে হলেও এর কম্পোজিশন ভারতীয় শাস্ত্রীয় সংগীতকে আঁধার বানিয়ে তৈরি হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের তরফে সংগীতবিষয়ক এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।