মো. আমিরুজ্জামান, সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
করোনা ভাইরাসে মহামারিকালে বন্ধ রয়েছে রেলওয়ে পরিবহন সেবা। এ অবস্থায় বৃহস্পতিবার চালু হয়েছে খুলনা-চিলাহাটি রেলপথে বিশেষ পারসেল সার্ভিস। পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ অপারেটিং সুপারিন্টেন্ডেন্টের পক্ষে চিঠিতে বলা হয়েছে পচনশীল শাকসবজিসহ সকল প্রকার পণ্য পরিবহনের জন্য ট্রেনটি চালু করা হলো। দেশের বৃহত্তম সৈয়দপুর কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মো. জয়দুল ইসলামকেও অনুরূপ চিঠি দেওয়া হয়।
রেলওয়ে সূত্র জানায়, পারসেল ট্রেনটি সকাল ৯ টায় খুলনা স্টেশন ছেড়ে যায়। এরপর দৌলতপুর, নওয়াপাড়া, যশোর, চুয়াডাঙ্গা, ভেড়ামারা, ঈশ্বরদী, নাটোর, সান্তাহার, জয়পুরহাট, পার্বতীপুর, সৈয়দপুর, নীলফামারী, ডোমার হয়ে সীমান্ত জনপদ চিলাহাটি পৌঁছুবে রাত ৮টা ৪০ মিনিটে। পরদিন সকাল ৯টায় ফিরতি ট্রেনটি অনুরূপ গন্তব্য অতিক্রম করে রাত ৮টা ৩০ মিনিটে খুলনায় ফিরবে।
সহকারী চিফ অপারেটিং সুপারিন্টেন্ডেন্ট (পি) মো. আব্দুল আওয়াল জানান, প্রথমবারের মতো খুলনা-চিলাহাটি রুটে এ ধরনের পরিবহন ট্রেন চালু হলো। ট্রেনটিতে থাকছে পাঁচটি লাগেজ ভ্যান ও একটি ব্রেকভ্যান। সপ্তাহে একদিন বন্ধ থাকবে ট্রেনটি। বাকি দিনগুলোতে স্বাভাবিক সেবা পাবে এ অঞ্চলের ব্যবসায়ী ও কৃষকেরা। তবে ট্রেনটিতে কোনো যাত্রী পরিবহন করা হবে না বলে জানান তিনি।
এ ব্যাপারে সৈয়দপুর রেলওয়ে কারখানার ডিএস মো. জয়দুল ইসলাম জানান, সেবাখাত রেলওয়ে করোনাকালে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পণ্য সরবরাহের ব্যবস্থা করতে পেরেছে। এতে অনেক ভালো লাগছে।