কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরে বুধবার রাতে এক ব্যক্তির দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসায় কলাপাড়া ৫০ শয্যা হাসপাতালের চার চিকিত্সক, চার সেবিকা ও সাত কর্মচারীকে পানি উন্নয়ন বোর্ডের ডাকবাংলোতে পৃথক আইসোলেশনে রাখা হয়েছে।
বৃহস্পতিবার তাদের নমুনা সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার। এ ঘটনায় স্থানীয় সব ব্যবসাপ্রতিষ্ঠান ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, করোনা পজিটিভ হওয়ার সংবাদ পাওয়ার পরই নাচনাপাড়া এলাকা লকডাউন করা হয়েছে। বন্দর ব্যবসায়ী ও পৌর কর্তৃপক্ষ ১৪ দিনের জন্য ওষুধের দোকান ছাড়া সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। এছাড়া ঐ ব্যক্তির সংস্পর্শে আসা সবার নমুনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।