এবছর কেউ হচ্ছেন না ফিফা বর্ষসেরা

স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদোরা একটু অখুশিই হতে পারেন। পুরো ইউরোপজুড়ে ফুটবল লিগগুলো যখন মাঠে নামার তোড়জোড় চালাচ্ছে, ঠিক তখনই চলতি বছরের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার বাতিল করে দিয়েছে বিশ্বফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।

বিশ্ব ফুটবলে করোনাসৃষ্ট স্থবিরতা চলছে সেই মার্চ থেকেই। ইউরোপীয় লিগগুলোসহ ফিফার বিশ্বকাপ বাছাইপর্বও থমকে আছে একই কারণে। তবে ইউরোপে করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি হতেই মাঠে নামার প্রস্তুতি শুরু করেছে ইউরোপীয় শীর্ষ লিগগুলো। ফিফা অবশ্য সে পথে হাঁটলো না, সাফ জানিয়ে দিলো চলতি বছরে ‘দ্য বেস্ট’ অ্যাওয়ার্ড অনুষ্ঠান হচ্ছে না।

আসছে সেপ্টেম্বরে ইতালির মিলানে অনুষ্ঠিত হতে যাওয়ার কথা ছিল অনুষ্ঠানটির। চলমান করোনা ভাইরাস পরিস্থিতির কথা মাথায় রেখে এই অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছে ফুটবলে সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা—ফিফা। এর ফলে চলতি বছরের সেরা খেলোয়াড় কে সে ঘোষণা আসবে না ফিফার পক্ষ থেকে। গত বুধবার এক বিজ্ঞপ্তিতে ফিফা জানায়, চলতি বছরের সেরা ফুটবলারের পুরস্কার কাউকেই দেওয়া হবে না, ২০২০-এর দ্য বেস্ট-এর জায়গাও খালি রাখা হবে।

বৈশ্বিক মহামারি করোনার কারণে এখন পর্যন্ত ফিফার অনেক আসরই পিছিয়ে দেওয়া হয়েছে। কেবল ক্লাব বিশ্বকাপই স্থগিত হয়নি, তবে চলমান পরিস্থিতি আরো প্রকট হলে সেটা পিছিয়ে কিংবা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না মোটেও। চলতি বছর ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়ার কথা টুর্নামেন্টটির।

দ্য বেস্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠান বাতিলের পর ব্যালন ডি অর নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। এ নিয়ে অবশ্য এখনও চূড়ান্ত কিছুই বলেনি ফ্রান্স ফুটবল ফেডারেশন। এছাড়াও চলতি বছরের আগস্টে মৌসুমের সেরা ইউরোপিয়ান ফুটবলারের নামও ঘোষণা করার কথা উয়েফার, সঙ্গে আসছে মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের সূচিও ঘোষণা করার কথা আছে, এ নিয়েও এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা।