স্পোর্টস রিপোর্টার
ভারতের বর্তমান দলটিকে নিয়ে সে দেশের সাবেকদের একটা বড়ো অভিযোগ—এই দলটা বড়ো কিছু জিততে পারছে না।
ভারতের অন্যতম সেরা তারকা রোহিত শর্মা বলছেন, আগামী দুই বছরে দুটি বিশ্বকাপ জিততে চান তারা। আগামী তিন বছরে অনুষ্ঠিত হওয়ার কথা আইসিসির তিনটি বিশ্বকাপ। এর মধ্যে দুটি অনুষ্ঠিত হবে ভারতের মাটিতেই। আর রোহিত বলছেন, তারা এই তিন আসরের অন্তত দুটি জিততে চান।
এক সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনায় রোহিত বিশ্বকাপ জেতা সম্পর্কে বলছিলেন, ‘বিশ্বকাপ জেতা সহজ নয়। বিশ্বকাপ জয়ের পর সব মিলে ভিন্ন এক অনুভূতি কাজ করে; টুর্নামেন্টটির সঙ্গে জড়িয়ে থাকা সব আবেগ-অনুভূতি। সাত-আটটি দলকে হারানোর পর বিশ্বকাপ ফাইনাল জেতা খুব কঠিন। কিন্তু বিশ্বকাপ জেতার পর আনন্দ দ্বিগুণ হয়ে যায়।’
রোহিত মনে করেন, ভারতের সামনে খুব ভালো একটা সুযোগ আছে। চাইলে তারা অন্তত দুটি বিশ্বকাপ জিততে পারেন বলে মনে করছেন তিনি, ‘আমাদের দারুণ একটি সুযোগ আছে। সামনে তিনটি বিশ্বকাপ, দুটি টি-টোয়েন্টি ও একটি ৫০ ওভারের। আমি অনেকবারই বলেছি যে আমাদের অবশ্যই কমপক্ষে দুটি বিশ্বকাপ জিততে হবে।’