ফিরছেন মাইক টাইসন

সাবেক হেভিওয়েট বক্সিং তারকা মাইক টাইসন অবসর ভেঙে আবারও বক্সিং রিংয়ে ফেরার ইঙ্গিত দিয়েছেন। সম্প্রতি ব্যক্তিগত ইন্সটাগ্র্যাম প্রোফাইলে নিজের অনুশীলনের আরো একটি ভিডিও আপলোড দিয়ে তাতে ‘আমি ফিরে এসেছি’—এই বার্তাটি দেন। ৫৩ বছর বয়সি এই তারকার প্রোফাইলে আরেকটি অনুশীলনের ভিডিওতেই মূলত জল্পনা-কল্পনার শুরু। যেখানে ‘আয়রন মাইক’ বেশ কিছু পাঞ্চিং শক্তি আর গতি দেখান, যা মনে করিয়ে দিচ্ছিল পুরোনো দিনের টাইসনকেই। সাবেক এই বক্সিং তারকা অবশ্য জানিয়েছেন, কিছু প্রদর্শনী ম্যাচ খেলতেই এই যোগাড়যন্তর। টাইসনের ফেরার ঘোষণা দিতেই বর্তমান সময়ের তারকারা প্রদর্শনী ম্যাচের অংশ হতে এরই মধ্যে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন।