২২ হাজার জেলে পরিবারের জন্য চাল বরাদ্দ

ইত্তেফাক রিপোর্ট

চলতি অর্থবছরে কাপ্তাই হ্রদে মত্স্য আহরণ নিষিদ্ধকালীন সময়ে জেলেদের জন্য ৮৮৯ দশমিক ৯৬ টন ভিজিএফ চাল বরাদ্দ করেছে সরকার। কাপ্তাই হ্রদের তীরবর্তী রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার ১০টি উপজেলায় ২২ হাজার ২৪৯টি জেলে পরিবার এ খাদ্যসহায়তা পাবে। প্রতিটি জেলে পরিবারকে মে-জুন এই দুই মাসে ২০ কেজি করে ৪০ কেজি চাল দেওয়া হবে। বরাদ্দপ্রাপ্ত উপজেলাগুলো হলো রাঙামাটি জেলার সদর, লংগদু, বাঘাইছড়ি, নানিয়ারচর, কাপ্তাই, বিলাইছড়ি, জুরাছড়ি, বরকল এবং খাগড়াছড়ি জেলার মহালছড়ি ও দিঘীনালা। গত বুধবার সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের অনুকূলে এ সংক্রান্ত মঞ্জুরি আদেশ জারি করেছে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।