ঈদের সময় সব ধরনের গণপরিবহন বন্ধ রাখতে হবে :নাসিম

ইত্তেফাক রিপোর্ট

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি ঈদের সময় সব ধরনের দূরপাল্লার যানবাহন, লঞ্চ ও ট্রেন বন্ধ রাখার ব্যবস্থা করতে সড়ক পরিবহন মন্ত্রী, রেলপথ মন্ত্রী ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এই অনুরোধ জানিয়ে বলেন, ‘ঈদের আগে ও পরে জরুরি পণ্য পরিবহন ছাড়া যেন কোনো ধরনের যানবাহন চলাচলের সিদ্ধান্ত গ্রহণ করা না হয়। এ বিষয়টি নিশ্চিত করতে হবে। সামান্যতম আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে করোনা বিপর্যস্ত দেশবাসীকে আরো কঠিন অবস্থায় পড়তে হবে।’

নাসিম বলেন, ‘সামনে পবিত্র ঈদ। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে এবারের ঈদ কোনোভাবেই আনন্দ-উত্সবের ঈদ নয়। ধর্মীয় আনুষ্ঠানিকতা বাদ দিয়ে সবাইকে ঘরে বসেই ঈদ করতে হবে। কিন্তু আমরা আশঙ্কা করছি, অতি উত্সাহী ব্যক্তিদের আবারও ঈদযাত্রার নামে গ্রামমুখী বা শহরমুখী মানুষের ঢল নামতে পারে। এ ধরনের ঘটনা যদি ঘটে তাহলে দেশে করোনা ভাইরাস ভয়ংকর রূপ ধারণ করবে। যদিও জনপ্রশাসন প্রতিমন্ত্রী আশ্বস্ত করেছেন, এবার যার যার জায়গা থেকে ঈদ করতে হবে। সেক্ষেত্রে গণপরিবহন, ট্রেন, লঞ্চ কঠোরভাবে বন্ধ রাখার ব্যবস্থা করতে হবে।’