জীবন-জীবিকা রক্ষায় সুচিন্তিত সিদ্ধান্ত নিয়ে এগুচ্ছে সরকার: তথ্যমন্ত্রী

বিশেষ প্রতিনিধি

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, খেটেখাওয়া মানুষের জীবন ও জীবিকা রক্ষায় সুচিন্তিত ও সঠিক সিদ্ধান্ত নিয়ে এগুচ্ছে সরকার। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে নিজ দপ্তরে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে একথা বলেন।

‘বাংলাদেশে এখনো পর্যন্ত করোনায় মৃত্যুহার ইউরোপ, আমেরিকার চেয়ে কম তো বটেই, প্রতিবেশী ভারত, পাকিস্তানের চেয়েও কম এবং পরম সৃষ্টিকর্তার দয়া ও বিশ্বে করোনার প্রাদুর্ভাবের পরই এমনকি করোনা ভাইরাস বাংলাদেশে আসার আগেই প্রধানমন্ত্রীর নানা দূরদর্শী পদক্ষেপই এর কারণ’ উল্লেখ করে ড. হাছান বলেন, কোনো মানুষই যাতে মারা না যায় এবং আক্রান্ত না হয়, সেই লক্ষ্য নিয়েই আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। ‘লকডাউন খুলে দিয়ে সরকার ভুল করেছে’—বিএনপির এ মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভী এবং আরো কোনো কোনো নেতার বক্তব্যে মনে হয় তাদের পরামর্শ যদি ইউরোপ-আমেরিকা শুনতো, তাহলে তারাও এই বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেতো। তাদের কথায় মনে হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার চেয়েও বিএনপি নেতারা স্বাস্থ্যবিষয়ে বেশি জ্ঞান রাখেন।