শিবচরে ৫০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ

জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটনের নির্দেশনায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহেবিলিটেশন বিভাগের অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খানের (এমবিবিএস,এফসিপিএস) অর্থায়নে শিবচরে নিম্ন আয়ের পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ডা. আ. মজিদ খানের বাড়ির সামনে পৌরসভার ৯টি ওয়ার্ডের ৫০০ পরিবারের প্রত্যেককে ২৫ কেজি করে একটি চালের বস্তা তুলে দেওয়া হয়। এ সময় শিবচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ শাজাহান খান, শিবচর বণিক সমিতির সভাপতি লোকমান হোসেন খান, আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী মো. ফিরোজ হোসেন খান, পৌর কাউন্সিলর শাকিল খানসহ অনেকেই উপস্থিত ছিলেন। মো. ফিরোজ হোসেন খান জানান, দ্বিতীয় ধাপে আরো ৫০০ পরিবারের মধ্যে চালসহ বিভিন্ন খাদ্য ও ঈদসামগ্রী বিতরণ করা হবে।