জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি নূর চৌধুরীকে দেশে ফেরত পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কানাডা সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বুধবার কানাডার পররাষ্ট্রমন্ত্রী ফ্রাসোয়া-ফিলিপ শ্যাম্পেনের সঙ্গে টেলিফোন আলাপে পররাষ্ট্রমন্ত্রী এ অনুরোধ করেন। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে কানাডায় অবস্থানরত খুনি নূর চৌধুরীরকে দেশে ফেরত এনে বিচারের রায় কার্যকর করতে পারলে তা হবে এদেশের জনগণের জন্য বড়ো প্রাপ্তি।
এ সময় কানাডার পররাষ্ট্রন্ত্রী করোনা পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় একটি জোট গঠনের প্রস্তাব দেন। এ জোট বিশ্বব্যাপী করোনার চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে বলে কানাডার পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন। তাছাড়া যেকোনো সংকটে কানাডা বাংলাদেশের পাশে থাকবে বলে এ সময় প্রতিশ্রুতি দেন।
বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবাসনের বিষয়টি সকলের দায়িত্ব উল্লেখ করে কানাডার পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে তার দেশের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনব্যক্ত করেন। তিনি এ বিষয়ে এ অঞ্চলের বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছেন বলেও জানান।
ড. মোমেন কানাডায় অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের বর্তমান পরিস্থিতিতে টিউশন ফি মওকুফসহ সব ধরনের সহযোগিতার অনুরোধ করেন। এছাড়া তিনি করোনা পরিস্থিতির কারণে চাকরি হারিয়ে বিদেশ থেকে ফেরত আসা বাংলাদেশি শ্রমিকদের পুনর্বাসনে কানাডার সহযোগিতা কামনা করেন। তিনি করোনা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে দেশের দুস্থদের খাদ্য সহায়তা প্রদানের ক্ষেত্রে কানাডার সহায়তা চান।