স্বাস্থ্যবিধি মেনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ এগিয়ে চলেছে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযু্ক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান। করোনা পরিস্থিতিতে ছুটিকালীন এই সময়ে কাজ সমান গতিতে চলমান রাখার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করে জানান, প্রকল্পের নির্মাণ কাজ যেভাবে চলছে তাতে নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্প হতে বিদ্যুৎ উৎপাদিত হবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজের অগ্রগতি বিষয়ে বৃহস্পতিবার বিকেলে ঢাকার শাহবাগে প্রকল্প কার্যালয়ে পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
ছুটি কালীন সময়ে প্রকল্পের কার্যক্রম নিয়মিতভাবে চলছে এবং অগ্রগতির চিত্র সভায় উপস্থাপন করা হয়েছে বলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গণসংযোগ বিভাগ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বর্তমানে দেশি-বিদেশি মিলিয়ে সাড়ে সাত হাজার লোক কাজ করছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনস্থ বিসিএসআইআর উদ্যোগে বিগত দুই মাস যাবত সাতটি হাসপাতালসহ পুলিশ এবং সেনাবাহিনীতে হ্যান্ড স্যানিটাইজার, জীবাণুনাশক, ভি টি এম, এবং বি কিন জার্মিসাইডাল ডিভাইস সরবরাহ করা হচ্ছে বলে সভায় জানানো হয়।
পর্যালোচনা বৈঠকে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আনোয়ার হোসেন, পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মোজ্জামেল হোসেন, পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান সানোয়ার হোসেন, প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর, প্রকল্পের নিরাপত্তা ও সুরা সেলের আহ্বায়ক বিগ্রেডিয়ার জেনারেল আখতার শহীদ, রাশিয়ান ফেডারেশনের ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি লাস্টোস্কিন প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এসি