কুমিল্লায় নতুন করে আক্রান্ত ২৮

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৮ জনের করোনায় আক্রান্ত শনাক্ত হয়ে। আক্রান্তদের মধ্যে রয়েছেন জেলার দেবিদ্বার উপজেলায় ২৫ জন ও কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় তিনজন। এ নিয়ে শুক্রবার দুপুর ১টা পর্যন্ত কুমিল্লায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪৮ জন। জেলায় সর্বোচ্চ আক্রান্ত দেবিদ্বার উপজেলায় মোট ১০৩ জন। দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, এ পর্যন্ত জেলার উপজেলাওয়ারী করোনা ভাইরাসে আক্রান্তের মধ্যে রয়েছে- কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ১৪ জন, কুমিল্লা মেডিকেল কলেজে একজন, আদর্শ সদরে দুইজন, সদর দক্ষিণ তিনজন, লালমাইয়ে তিনজন, নাঙ্গলকোটে চারজন, লাকসামে ১৪ জন, মনোহরগঞ্জে ছয়জন, চৌদ্দগ্রাম দুইজন, বরুড়ায় দশ জন, বুড়িচং নয়জন, ব্রাহ্মণপাড়া পাঁচজন, চান্দিনা ১৪ জন, দেবিদ্বার ১০৩ জন, মুরাদনগর ৩২ জন, দাউদকান্দি ১০ জন, তিতাস ১১ জন, হোমনা তিনজন, মেঘনায় দুইজন।

জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে চার হাজার ৪৪৭ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে চার হাজার ১৭৬ জনের। এরমধ্যে মোট ২৪৮ জনের করোনা পজেটিভ ধরা পড়েছে। জেলায় করোনা সংক্রমণে এ যাবত মারা গেছেন মোট নয় জন এবং সুস্থ হয়েছেন মোট ৪৬ জন।

ইত্তেফাক/এসি