রহনপুর রেলবন্দর দিয়ে ভারত থেকে এলো পেঁয়াজ

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে আমদানি করা পেঁয়াজ এসেছে। বৃহস্পতিবার বিকালে ভারতের পশ্চিমবঙ্গের মালদাহ স্টেশন থেকে বুকিংকৃত পেঁয়াজ সিঙ্গাবাদ স্টেশন হয়ে বাংলাদেশের রহনপুর রেলবন্দরে এসে পৌঁছে। করোনা পরিস্থিতিতে লকডাউনের কারণে বন্ধ থাকার দীর্ঘ প্রায় ১ মাস ২০ দিন পর এ রুট দিয়ে পণ্যবাহী ট্রেন প্রবেশ করল। রহনপুর রেল স্টেশন ম্যানেজার মির্জা কামরুল হাসান জানান, বৃহস্পতিবার বিকালে পেঁয়াজ ভর্তি এক র্যাক (৪২ ওয়াগন) পণ্যবাহী ট্রেন ভারতের সিঙ্গাবাদ স্টেশন থেকে রহনপুর স্টেশনে প্রবেশ করে। আমদানিকৃত পেঁয়াজগুলো আমনুরা স্টেশনে খালাশ হবে বলে তিনি জানান।

পেঁয়াজ আমদানিকারক প্রতিষ্ঠান চাঁপাইনবাবগঞ্জের একতা শস্য ভান্ডারের প্রতিনিধি মিজানুর রহমান জুয়েল জানান, মহদীপুর স্থলবন্দরে আটকে পড়া কৃষিপণ্যের মধ্যে ১ হাজার ৬০০ টন পেঁয়াজ ভারতের মালদাহ স্টেশনে বুকিং হয়ে সিঙ্গাবাদ-রহনপুর রুট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।