প্রত্যেক কাউন্সিলরকে তার ওয়ার্ডের মশক দমনে জবাবদিহি করতে হবে

ডিএনসিসির মেয়রের সঙ্গে কাউন্সিলরদের সভা

ইত্তেফাক রিপোর্ট

কাউন্সিলরদের প্রতি মাসে একবার ফেইসবুক লাইভে এসে জনগণের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নতুন দায়িত্বপ্রাপ্ত  মেয়র আতিকুল ইসলাম। গতকাল শুক্রবার ডিএনসিসির দুটি পৃথক অনলাইন সভায় এ আহ্বান জানান তিনি। অনলাইন সভায় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর, ডিএনসিসির বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন। এটি ছিল নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের প্রথম সভা। মশক নিধনে চিরুনি অভিযান সফল করতে নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরদের আহ্বান জানিয়ে মেয়র বলেন, মশক নিয়ন্ত্রণ যেন ঠিকমতো হয়, সেজন্য প্রত্যেক কাউন্সিলর ব্যক্তিগতভাবে মনিটর করবেন। নির্ধারিত গুণ ও পরিমাণ বজায় রেখে মশার কিটনাশক ছিটানো হচ্ছে কি না, তা আপনাদের নিশ্চিত করতে হবে। প্রত্যেক কাউন্সিলরকে তার ওয়ার্ডের মশক নিয়ন্ত্রণে জবাবদিহি করতে হবে। এডিস মশা নিয়ন্ত্রণে আজ শনিবার থেকে অনুষ্ঠেয় চিরুনি অভিযান সামাজিক দূরত্ব নিশ্চিত করে সফল করার জন্য তিনি কাউন্সিলরদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শনিবার থেকে ডিএনসিসির অঞ্চল ১ থেকে ৫-এর প্রতিটি অঞ্চলে একটি করে ওয়ার্ডে এই চিরুনি অভিযান পরিচালনা করা হবে। রমজান ও করোনা ভাইরাসের কথা বিবেচনায় নিয়ে ঈদের আগ পর্যন্ত মোট পাঁচটি ওয়ার্ডে চিরুনি অভিযান পরিচালনা করা হবে। তবে ঈদের পরে ডিএনসিসির প্রতিটি ওয়ার্ডে চিরুনি অভিযান পরিচালনা করা হবে।  মেয়র বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে নগরবাসীর কল্যাণ সাধন করা। আমাদের কাছে নগরবাসীর অনেক প্রত্যাশা। তাই কথায় নয়, কাজে প্রমাণ দিতে হবে। মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। এর ব্যতিক্রম হলে সাংবাদিক ও জনগণ কেউই ছাড় দেবে না।’

আতিকুল ইসলাম করোনা ভাইরাস মোকাবিলায় ত্রাণ বিতরণ প্রসঙ্গে বলেন, যাদের প্রকৃতপক্ষে ত্রাণের প্রয়োজন, তাদের ত্রাণ দিতে হবে। ত্রাণ নিয়ে কোনো রকম নয়-ছয় সহ্য করা হবে না। প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরের মাধ্যমে যে পরিমাণ ত্রাণ বিতরণ করা হয়, একই ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরের মাধ্যমে তার ২০ শতাংশ ত্রাণ বিতরণ করার নির্দেশ দেন তিনি। সভায় অন্যান্যের মধ্যে ওয়ার্ড কাউন্সিলর মইজুর রহমান, আফসার উদ্দিন খান, ইসহাক মোল্লা, লিয়াকত আলী, মতিউর রহমান, আবুল কাশেম মোল্লা, রাজিয়া সুলতানা ইতি, দেওয়ান আবদুল মান্নান, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই, সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মঞ্জুর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।