আরো প্রায় ২০০ পুলিশ করোনায় আক্রান্ত

ছাড়াল ২ হাজার

ইত্তেফাক রিপোর্ট

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৯৮ জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সব মিলে পুলিশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৪১ জনে। এ সংখ্যা ঢাকাসহ সারাদেশের পুলিশ ইউনিটের গতকাল শুক্রবার সকাল পর্যন্ত। আক্রান্তদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্যই ১ হাজার ৪১ জন। গত বুধবার এই সংখ্যা ছিল ৯০৯। আক্রান্তদের মধ্যে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যই বেশি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনায় মাঠ পর্যায়ের কর্মকর্তা ছাড়াও তাদের দুই জন অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।

সারাদেশের পুলিশের বিভিন্ন ইউনিটের তথ্য-উপাত্ত থেকে জানা গেছে, পুলিশে করোনা আক্রান্ত সন্দেহে আইসোলেশনে রয়েছেন ১ হাজার ১৫২ জন এবং আক্রান্তদের সংস্পর্শে আসায় কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৩ হাজার ৯১ জনকে। এ পর্যন্ত ৩৩৩ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আর মারা গেছেন সাত জন।