রাজশাহীতে ট্রাক থেকে তোলা চাঁদার টাকার হিসাব চাওয়া নিয়ে সভাপতির সঙ্গে শ্রমিকদের হাতাহাতির সময় অসুস্থ হয়ে সোহরাব আলী (৩৫) নামে এক জন ট্রাকচালক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। মৃত সোহরাব আলী (৩৫) নগরীর খোঁজাপুর এলাকার বাসিন্দা।
এদিকে সোহরাব আলীর মৃত্যুর পর বিক্ষুব্ধ শ্রমিকরা তার লাশ নিয়ে বোয়ালিয়া মডেল থানার পাশে জেলা ট্রাক, ট্যাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করে। এ সময় দুই পক্ষের মধ্যে আবারও হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদার টাকার হিসাব নিতে শুক্রবার সকাল থেকেই শ্রমিকরা ইউনিয়নের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। হিসাবের দাবিতে অবরুদ্ধ করে রাখে জেলা ট্রাক, ট্যাংক লরি ও
কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদককে। মনির হোসেন নামে এক ট্রাকচালক সাংবাদিকদের বলেন, শ্রমিকদের উন্নয়নের নামে সড়কে কোটি কোটি টাকা চাঁদা তোলা হয়। কিন্তু এখন সেই টাকার কোনো হিসাব পাওয়া যাচ্ছে না।
সাজ্জাদ আলী নামে এক শ্রমিক বলেন, বর্তমান কমিটির মেয়াদ তিন বছর। গত ১৭ এপ্রিল কমিটির মেয়াদ শেষ হয়েছে। তাই কমিটির কাছে হিসাব প্রস্তুত থাকার কথা। কিন্তু টাকা নয়-ছয় হয়েছে বলে হিসাব প্রস্তুত নেই বলে মনে করেন শ্রমিকরা। সাজ্জাদ ধারণা করেন, তিন বছরে এই কমিটির কাছে অন্তত ১৫ কোটি টাকা গেছে শ্রমিকদের উন্নয়নের নামে। সাজ্জাদ বলেন, ট্রাকচালক সোহরাব আলী শ্রমিকদের হাতাহাতির মধ্যে পড়ে গেলে তার রক্তচাপ বেড়ে যায়। তখন তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক সোহরাব আলীকে মৃত ঘোষণা করেন।
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বলেন, শ্রমিকের মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।