দ্রুত পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধসহ করোনায় আক্রান্ত পৌরকর্মীদের বিশেষ প্রণোদনার আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন (বাপস)। গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সরকারের সফলতা আনতে যারা ২৪ ঘণ্টা কাজ করছেন তাদের বেশির ভাগ পৌর কর্মকর্তা-কর্মচারী বেতন-ভাতা পাচ্ছেন না দুই থেকে ৬৫ মাস। পাচ্ছেন না কোনো প্রণোদনা। বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করলেও মিলছে না সরকারের পক্ষ থেকে কোনো বরাদ্দ।
করোনা মোকাবিলায় জরুরি নাগরিক সেবা সচল রাখার স্বার্থে দীর্ঘদিনের অভুক্ত পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধসহ করোনায় আক্রান্ত পৌরকর্মীদের বিশেষ প্রণোদনার আওতায় আনার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে বাপস।