করোনা মহামারিতে বন্ধ থাকা ট্রেনের তেল চুরি রেল কর্মচারীর

করোনা পরিস্থিতিতে ট্রেন চলাচল বন্ধের মধ্যেই ঈশ্বরদীতে ৬৪৪ লিটার ডিজেলসহ এক রেল কর্মচারী আটক হয়েছে।  আটক ব্যক্তি রেল শ্রমিক লীগ ঈশ্বরদী শাখার ৪ নং সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।

ডিপো হতে ট্রেনের জ্বালানি তেল নিয়ে বিক্রি করার সময় রোকন উদ্দিন নামে একজন ওয়েম্যানকে আটক করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। শনিবার দুপুরে শহরের রেলগেট এলাকায় একটি দোকানে তেল বিক্রির সময় তাকে আটক করা হয়। 

রেলওয়ের নিরাপত্তা বাহিনীর পরিদর্শক ফিরোজ আহমেদ জানান, ডিইএন-২ অফিসের গ্যাংকার চালানোর জন্য ঈশ্বরদী লেকোসেড থেকে আনা হয়। কিন্তু এই ৪ ড্রাম তেল অফিসে না নিয়ে রেলগেটের পাশে আবিদা ট্রেডার্স নামের একটি তেলের দোকানে বিক্রির জন্য পাইপ লাগিয়ে খালাসের উদ্যোগ গ্রহণ করা হচ্ছিল। এসময় নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা শাখার সদস্যরা বাধা দিলে ধস্তাধস্তি হয়। পরে খবর পেয়ে অন্যান্য সদস্য সেখানে গিয়ে রোকন উদ্দিনকে আটক ও ৬৪৪ লিটার তেল উদ্ধার করে।

পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) আসাদুল হক বলেন, এ ঘটনায় রেলওয়ের এটিও আব্দুস সোবাহানকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

ইত্তেফাক/জেডএইচ