উপজেলা পর্যায়ে টিসিবির পণ্য বিক্রির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

ইত্তেফাক রিপোর্ট

সিটি করপোরেশন ও পৌরসভার পাশাপাশি দেশের প্রতিটি উপজেলায় টিসিবির পণ্য বিক্রির নির্দেশনা চেয়ে হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চে রিট আবেদন দায়ের করা হয়েছে। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চে গতকাল শনিবার ইমেইলযোগে এ আবেদন করা হয়। 

আবেদনে বলা হয়, টিসিবির পণ্য বিক্রি শুধু সিটি করপোরেশন ও পৌরসভার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাংলাদেশের প্রতি উপজেলা পর্যায়ে সাধারণ মানুষের মধ্যে বিক্রির ব্যবস্থা করা উচিত। এতে নিম্ন ও নিম্ন-মধ্যবিত্তরা উপকৃত হবেন। রিটে বাণিজ্যসচিব, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবকে বিবাদী করা হয়েছে। বেসরকারি সংগঠন ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. হুমায়ন কবির পল্লব এ রিট দায়ের করেন।

রিটে বলা হয়েছে, টিসিবির মাধ্যমে কম দামে ১০ টাকা মূল্যে চাল এবং অন্যান্য সামগ্রী বিক্রি করা হয়। সেটা বর্তমানে শুধু সিটি করপোরেশন এবং কিছু কিছু পৌরসভা এলাকার মধ্যে সীমিত। যে কারণে এর সুফল সারাদেশের নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত সাধারণ মানুষ ভোগ করতে পারছে না। কম দামে খাদ্যদ্রব্য কেনার অধিকার বাংলাদেশের শুধু সিটি করপোরেশন ও পৌরসভা এলাকার মানুষের নয়, বরং বাংলাদেশের যে কোনো প্রান্তে বসবাসকারী একজন সাধারণ মানুষের অধিকার রয়েছে রাষ্ট্র কর্তৃক কম দামে যে খাদ্যদ্রব্য বিক্রি করা হচ্ছে সেগুলো ক্রয় করার। দীর্ঘদিন যাবত্ সরকারি ছুটি চলছে এবং সারাদেশে লকডাউন চলছে। এই পরিস্থিতিতে বিশেষ করে নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত মানুষ যারা আছেন, তারা ব্যাপক আর্থিক অসুবিধার সম্মুখীন হচ্ছেন। কিন্তু এই টিসিবির পণ্য যদি শুধু সিটি করপোরেশন ও পৌরসভার মধ্যে সীমাবদ্ধ না রেখে সারা দেশের উপজেলা পর্যায়ে বিক্রির ব্যবস্থা করা হয়, তাহলে এই খাদ্য সমস্যা অনেকাংশে দূর হবে। অন্যদিকে যেহেতু এই উদ্যোগটা বাংলাদেশের সাধারণ মানুষের জন্য, তাই এ বিষয়কে শুধু সিটি করপোরেশন ও পৌরসভার মধ্যে সীমিত রাখা অন্যান্য সাধারণ মানুষের মৌলিক অধিকারের পরিপন্থি।

উপজেলা পর্যায়ের জনগণের অধিকার আছে কম দামে প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ক্রয় করার। কাজেই কম মূল্যে রাষ্ট্রীয় খাদ্যসামগ্রী বিক্রি শুধু সিটি করপোরেশন অথবা কিছু নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ রাখা সুস্পষ্টভাবে সংবিধান, মানবাধিকার ও মৌলিক অধিকারের লঙ্ঘন।