শেরপুর (বগুড়া) সংবাদদাতা
করোনার প্রভাবে স্থবির হয়ে পড়েছে শেরপুর-ধুনট অঞ্চলের তৈরি জালি টুপি শিল্প। প্রস্তুতকৃত টুপি পড়ে আছে মহাজনের গোডাউনে। অর্ডার থাকলেও করোনা পরিস্থিরি কারণে সেগুলো বিদেশে পাঠানো যাচ্ছে না। বাংলাদেশ জালি টুপি অ্যাসেসিয়েশনের বগুড়া জেলা শাখার সভাপতি জুয়েল আকন্দ বলেন, বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে রফতানি হতো হাতে তৈরিকৃত জালি টুপি। আর এই সকল টুপি তৈরির সঙ্গে জরিত ৫ লক্ষাধিক নারী শ্রমিক এবং প্রায় ২০০ ব্যাপারী। এ বছর করোনার কারণে বিদেশে এই জালি টুপি পাঠাতে না পেরে গোডাউনে আটকে আছে এই সকল জালি টুপি। বাংলাদেশ জালি টুপি অ্যাসেসিয়েশনের বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ উদ্দিন সোহাগ জানান, আমরা প্রতি বছর প্রায় ৫০ কোটি টাকার অধিক বৈদেশিক মুদ্রা দেশে আনি। কিন্তু করোনার কারণে আমরা এ বছর রমজানে কোটি কোটি টাকা বৈদেশিক মুদ্রা লোসকান হয়েছে। এর সাথে এই শিল্পের সঙ্গে জড়িত ৫ লক্ষাধিক নারী এবং ২০০ ব্যাপারী লোকসান গুনছে এবং মানবেতর জীবন যাপন করছে। আমরা সরকার থেকে কোনো অনুদান বা কোনো সহযোগিতাও পায়নি। তিনি বলেন, এই শিল্পকে টিকে রাখতে হলে এই দুর্দিনে সরকারকে পাশে দাঁড়াতে হবে।