ক্রিকেটারদের বেতন কাটতে পারে ভারত

স্পোর্টস ডেস্ক

থমকে আছে ক্রিকেট, ঝুলে আছে বিশ্বের সবচেয়ে জমজমাট ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আর এবারের আইপিএল বাতিল হলে, আর্থিক সংকট এড়াতে খেলোয়াড়দের বেতন কাটতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড।

যত সময় গড়াচ্ছে, আইপিএল নিয়ে অনিশ্চয়তাও বাড়ছে। আর বাড়ছে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) দুশ্চিন্তা। কারণ, আইপিএল এবার আদৌ না হলেও, বড়ো অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়বে বিশ্বের সবচেয়ে ধনী এই ক্রিকেট বোর্ড।

অর্থের অঙ্কটা এত বড়ো যে, দুর্ভাবনার কোনো ইতি নেই বোর্ড কর্মকর্তাদের! এবার আইপিএল না হলে ৪০ বিলিয়ন রুপি রাজস্ব হারানোর শঙ্কা করছে ভারতের ক্রিকেট বোর্ড। আর সেক্ষেত্রে কি হবে? — জানালেন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি।

তিনি বলেন, ‘এবার যদি আইপিএল না হয় তাহলে আমরা খেলোয়াড়দের বেতন কাটতে বাধ্য হব। আমরা বিষয়গুলো পর্যবেক্ষণে রাখছি।’

বলা হচ্ছিল আইপিএল আয়োজন করা হবে ফাঁকা স্টেডিয়ামে। কিন্তু দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করলে আইপিএলের মজা থাকবে না বলে মন্তব্য করেছেন গাঙ্গুলি। তিনি বলেন, ‘যদি এ রকম কিছু হয় আইপিএলের উত্তেজনা থাকবে না। আমি এ রকম একটি ম্যাচ খেলেছিলাম। ১৯৯৯ সালে ইডেন গার্ডেনে পাকিস্তানের বিপক্ষে একটি ম্যাচে কোনো দর্শক ঢুকতে দেওয়া হয়নি। এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ ছিল। ঐ ম্যাচে প্রাণ খুঁজে পাওয়া যাচ্ছিল না।’