শ্রীলঙ্কার প্রস্তাব

ভারতীয় ক্রিকেট দলকে আমন্ত্রণ জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। এরই মধ্যে দেশটির ক্রিকেট বোর্ড থেকে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলার আমন্ত্রণ জানানো হয়েছে ভারতকে। শ্রীলঙ্কার স্থানীয় গণমাধ্যম দ্য আইসল্যান্ড এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) থেকে উত্তরের অপেক্ষায় শ্রীলঙ্কা। করোনায়  এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে শ্রীলঙ্কা। যদিও, করোনার কারণে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুইটি সিরিজ স্থগিত করেছে শ্রীলঙ্কা। দুই দেশই  আগামী জানুয়ারিতে স্থগিত হওয়া সিরিজ খেলতে রাজি হয়েছে। সামনেই শ্রীলঙ্কা দলের ব্যস্ত সূচি। ভারতের পর বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে খেলার কথা রয়েছে সিংহের দলটির। জুলাইয়ের শেষ সপ্তাহে তিন টেস্ট খেলতে শ্রীলঙ্কায় যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের।