ইন্দুরকানী ও ভাণ্ডারিয়ায় করোনা ভাইরাসে কর্মহীন মানুষের মাঝে দুস্থ কল্যাণ সংস্থার ত্রাণ বিতরণ

জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির প্রতিষ্ঠিত দুস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে তার সরাসরি তত্ত্বাবধানে গতকাল শনিবার পিরোজপুর জেলার ইন্দুরকানী ও ভাণ্ডারিয়া উপজেলায় করোনা ভাইরাস প্রাদুর্ভাব পরিস্থিতিজনিত কর্মহীন শ্রমজীবী ও দুস্থ-অসহায় পরিবারের মাঝে  বিভিন্ন স্থানে খাদ্য-সহায়তা প্রদান ও কাপড় বিতরণ করা হয়। জেপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, ভাণ্ডারিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও দুস্থ কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক মাহিবুল হোসেন মাহিম বিভিন্ন স্থানে উপস্থিত থেকে এ ত্রাণ বিতরণ করেন।

দুপুরে ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন প্রাঙ্গণে এ ত্রাণ বিতরণ করেন ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের উপজেলা   সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান,  পাড়েরহাট ইউপি চেয়ারম্যান ও জেপির সিনিয়র সহসভাপতি গোলাম সরোয়ার বাবুল, সাবেক ইউপি চেয়ারম্যান মো. শাহ আলম হাওলাদার প্রমুখ।

এরপর বালিপাড়া ও নবগঠিত চন্ডীপুর ইউনিয়নের কর্মহীন গ্রামবাসীর মাঝে ত্রাণের কাজ করা হয়। এসময় বালিপাড়া ইউনিয়ন পরিষদ ভবন প্রাঙ্গণে এ খাদ্যদ্রব্য ও কাপড় বিতরণ করেন উপরোক্ত নেতৃবৃন্দ ছাড়াও বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতী, জেপির উপজেলা সাধারণ সম্পাদক শাহীন হাওলাদার, সহসভাপতি শহীদুল ইসলাম দোদুল, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রানা, জাতীয় মহিলা পার্টির সভানেত্রী রাজিয়া সুলতানা রানী প্রমুখ। বিকালে পত্তাশী ও নবগঠিত ইন্দুরকানী সদর ইউনিয়নের কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও কাপড় বিতরণ করা হয়। উপজেলা পরিষদ মাঠে এ ত্রাণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ।

ভাণ্ডারিয়া সংবাদদাতা জানান, দুস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির তত্ত্বাবধানে গতকাল শনিবার সকালে ভাণ্ডারিয়া উপজেলার নদমূলা ইউনিয়নে  কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও কাপড় বিতরণ করা হয়।

নদমূলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সাইক্লোন শেল্টার প্রাঙ্গণে এ ত্রাণ বিতরণ করেন জেপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও ভাণ্ডারিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল কবির তালুকদার বাবুল, ভাণ্ডারিয়া উপজেলা জেপির সাধারণ সম্পাদক ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, জেপি নেতা মেজবাহ উদ্দিন আরিফ জোমাদ্দার, ইউপি সদস্য সাখাওয়াত হোসেন সেপাই প্রমুখ।

ভাণ্ডারিয়া ও ইন্দুরকানীতে দুস্থ কল্যাণ সংস্থার এ ত্রাণ কাজ পরিচালনা করেন সংস্থার কর্মকর্তা কাজী আতাহার আলী ও আতিকুজ্জামান খোকন।

উল্লেখ্য, জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি করোনাজনিত দুর্যোগের কারণে অসহায় কর্মহীন মানুষের সহায়তায় গত শুক্রবার থেকে ভাণ্ডারিয়ায় অবস্থান করছেন।