পহেলা জুনের মধ্যে যুক্তরাষ্ট্রে মৃত্যু ১ লাখ ছাড়াবে

যুক্তরাষ্ট্রে নোভেল করোনা ভাইরাসে মৃতের সংখ্যা আগামী পহেলা জুনের মধ্যেই ১ লাখ ছাড়াবে বলে জানিয়েছেন দেশটির রোগ নিয়ন্ত্রণ বিভাগের প্রধান। তিনি বলেছেন, তারা অনেকগুলো মডেল দেখেই এমন অনুমান করছেন। কিন্তু তার পরও দেশটির বিভিন্ন অঙ্গরাজ্য খুলে দেওয়া হচ্ছে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আংশিক সহায়তার করার সিদ্ধান্ত নিয়েছে। লকডাউন থেকে বেরিয়ে এসে সীমান্ত খুলে দিচ্ছে ইতালি ও অস্ট্রিয়া।

পহেলা জুনের মৃত্যুর সংখ্যা ১ লাখ ছাড়াবে

যুক্তরাষ্ট্রে সেন্ট্রারস ফর ডিজেস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) পরিচালক রবার্ট রেডফিল্ড শুক্রবার এক টুইটার বার্তায় বলেন, পহেলা জুনের মধ্যে মৃতের সংখ্যা ১ লাখ ছাড়াবে। তিনি জানান, কলম্বিয়া ইনস্টিটিউট এবং ম্যাচাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিসহ ১২টি গবেষণাপত্র দেখে তারা এই ধারণা করেছেন। ১১ মে পর্যন্ত এসব প্রতিষ্ঠান গবেষণা করেছে। গত ফেব্রুয়ারি থেকে মৃত্যুর গতি দেখে ধারণা করা হচ্ছে, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়াবে। করোনায় ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে মারা গেছে ৮৮ হাজারের বেশি মানুষ এবং আক্রান্ত প্রায় ১৫ লাখ।

সিডিসি পরিচালক যখন এই সতর্কবার্তা দিচ্ছেন তখন দেশের অনেক অঙ্গরাজ্য খুলে দেওয়ার চিন্তা করছে। নিউ ইয়র্ক, ভার্জিনিয়া এবং মেরিল্যান্ডের কিছু অংশ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অঙ্গরাজ্যগুলোর গভর্নররা। এসব রাজ্যের কম জনসংখ্যা অধ্যুষিত এলাকাগুলো খুলে দেওয়া হচ্ছে।

প্রতিনিধি পরিষদে আরেকটি বিল পাশ

করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্তদের সহায়তায় মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ৩ লাখ কোটি ডলারের একটি বিল পাশ হয়েছে। শুক্রবার ২০৮-১৯৯ ভোটে বিলটি পাশ হয়। তবে রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেট বিলটিতে সমর্থন দেবে না জানিয়েছে। যদিও কিছু  রিপাবলিকান বিলের কিছু অংশকে সমর্থন জানিয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সহায়তা করবে যুক্তরাষ্ট্র

দীর্ঘ টানাপোড়েনের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) জন্য আংশিক অর্থসাহায্য চালু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্প টুইটার বার্তায় জানিয়েছেন, তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আগের অর্থের ১০ শতাংশ সহায়তা দেবেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যদিও হোয়াইট হাউজের একটি খসড়া চিঠি তুলে ধরে শুক্রবার ফক্স নিউজ জানিয়েছে, চীন যে পরিমাণ অর্থসাহায্য দেয়, ততটাই দেওয়ার কথা চিন্তা করছে ট্রাম্প প্রশাসন। করোনা নিয়ে চীন ঘেঁষা অবস্থান এবং গাফিলতির অভিযোগ তুলে গত ১৪ এপ্রিল হুকে অর্থসাহায্য দেওয়া বন্ধ করে আমেরিকা।

ভারতে সংক্রমণ বাড়ছেই

করোনা ভাইরাসে এক দিনে দেশটিতে ১০৩ জন করোনা রোগী মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। পাশাপাশি আরো ৩ হাজার ৯৭০ জনের শরীরে নতুন করে বাসা বেঁধেছে ঐ মারণ রোগ। ভারত জুড়ে মোট ৮৫ হাজার ৯৪০ জন আক্রান্ত। মোট মৃত্যু হয়েছে ২ হাজার ৭৫২ জনের।

সীমান্তও খুলে দিচ্ছে ইতালি ও অস্ট্রিয়া

ইতালি একটি অধ্যাদেশ পাশ করেছে যাতে বলা হয়েছে, ৩ জুন থেকে মানুষের চলাফেরায় পূর্ণ স্বাধীনতা থাকবে এবং সীমান্ত খুলে দেওয়া হবে যাতে ইইউভুক্ত দেশগুলোর নাগরিকরা আসা-যাওয়া করতে পারে। আর ১৫ জুন থেকে চেক রিপাবলিক, স্লোভাকিয়া এবং হাঙ্গেরির জন্য সীমান্ত খুলে দিচ্ছে অস্ট্রিয়া।