গাংনী উপজেলার কাজীপুর ও সাহেবনগর গ্রামের মধ্যবর্তী মাঠে একটি লিচু বাগান দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো এক জন। নিহতরা হলেন—কাজীপুর গ্রামের খবির উদ্দীনের ছেলে ডাবলু হোসেন (৪০) ও সাহেবনগর গ্রামের সেকেন্দারের ছেলে সানাউল্লাহ (৫০)। আহত হয়েছেন কাজীপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে খবির উদ্দীন (৬০)। নিহত দুই জনের লাশ ঘটনা স্থলে রয়েছে এবং আহতকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
শনিবার বিকাল ৫টার দিকে কাজীপুর গ্রামের গোলাম বাজার এলাকার একটি লিচু বাগানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কাজীপুর গ্রামের গোলাম বাজার এলাকায় তিন বিঘা জমির মালিকানা নিয়ে খবির উদ্দীনের সঙ্গে কয়েক বছর যাবত্ সাহেবনগর গ্রামের সানাউল্লাহসহ তার লোকজনের মামলা চলে আসছে। সম্প্রতি মামলার রায় পেয়েছেন খবির উদ্দীন। এ রায়ের বলে খবির ও তার ছেলে ডাবলু লিচু বাগান দখল নেন। শনিবার বিকালে ঐ লিচু বাগান পরিচর্যা করতে গেলে, প্রতিপক্ষ সেকেন্দার, লাল্টু ও হাবিব মেম্বাররা লাঠিসোঁটা নিয়ে তাদের হামলা করেন। পরে দুইপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে বাধে। এসময় ঘটনাস্থলেই ডাবলু ও অন্যপক্ষের সানাউল্লাহ নিহত হয়। আহত হয় ডাবলুর বাবা খবির। তাকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।