মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে দক্ষিণবঙ্গের ২১ জেলামুখী মানুষের ভিড় শনিবারও অব্যাহত ছিল। ভোর রাত থেকেই এই ভিড় লক্ষ্য করা যায়। অনেকেই রাজধানী ঢাকা বা আশপাশের এলাকা থেকে সেহেরি খেয়েই রওনা হয়ে গেছেন। লঞ্চ, স্পিডবোট বন্ধ থাকায় ফেরিতে করেই লোকজন পারাপার হচ্ছে। ফেরিতে গাড়ি দেখাই যাচ্ছে না। লোকে লোকারণ্য। শারীরিক দূরত্বের বালাই নেই। গাদাগাদি করে ফেরিতে পদ্মা পার হচ্ছে তারা। লৌহজং উপজেলার এই ঘাট দিয়ে গত কয়েক সপ্তাহ ধরে ঢাকামুখী মানুষের প্রবল স্রোত ছিল। কিন্তু শুক্রবার থেকে সে স্রোত এখন চলছে উলটো দিকে। বেলা বৃদ্ধির সঙ্গে এই ভিড়ও কমে যায়।
মাওয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন, “ঢাকা থেকে যারা শনিবার ফিরছে, এদের মধ্যে গার্মেন্টস কর্মী তেমন দেখা যায়নি। এদের বেশিরভাগই অন্যান্য পর্যায়ের লোকজন মনে হচ্ছে। যারা ব্যবসা প্রতিষ্ঠান খোলার জন্য বা অন্যান্য কাজের জন্য গিয়েছিলেন। আবার লকডাউন হয়ে যাওয়ায় খোলার মতো পরিবেশ না থাকায় বাড়ি ফিরে যাচ্ছে। মোটর সাইকেল নিয়ে রাজধানী ঢাকা থেকে ফরিদপুরগামী মনির হোসেন বলেন, সরকার সাধারণ ছুটি বাড়িয়েছে, তাই বাড়ি ফিরে যাচ্ছি। আরেক যাত্রী নাম প্রকাশ না করেই বলেন, “দোকানপাট খুলব তাই গিয়াছিলাম। পরিবেশ নাই তাই বাড়ি ফিরে যাচ্ছি।