পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া আরেক পুলিশ সদস্য মারা গেছেন। মারা যাওয়া এ পুলিশ সদস্যের নাম নঈমুল হক (৩৮)। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বন্দর বিভাগে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ হেড কোয়ার্টার্সের এআইজি (মিডিয়া) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে গতকাল আরো ২৪১ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।
সোহেল রানা জানান, মৃত পুলিশ কনস্টেবলের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দেবীদ্বার থানার ফতেয়াবাদ পীর বাড়ি এলাকায়। তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্রসহ তিন শিশু সন্তান এবং বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। জানা গেছে, করোনা ভাইরাসে মৃতের নিয়ম-কানুন মেনে শুক্রবার রাতে দামপাড়া পুলিশ লাইন্সে নঈমুল হকের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সিএমপি কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়। উল্লেখ্য, এ নিয়ে বাংলাদেশ পুলিশের আট সদস্য করোনায় প্রাণ হারালেন। আগে মারা যাওয়া সাত জনই ঢাকার।
এদিকে নতুন করে আরো ২৪১ জন পুলিশ সদস্যের করোনা আক্রান্ত হবার ঘটনা এই বাহিনীতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এর আগে গত ১১ মে একদিনে সর্বোচ্চ ২০৭ জন পুলিশ করোনায় আক্রান্ত হয়েছিলেন। সবমিলিয়ে, আইনশৃঙ্খলার এ বাহিনীতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৮২ জনে। এর মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্য ১ হাজার ৪১ জন। করোনা আক্রান্ত পুলিশ কর্মকর্তাদের দেখভালে উচ্চপদস্থ পরিদর্শন টিম গঠন করেছেন আইজিপি ড. বেনজীর আহমেদ।