করোনাকালীন সংকটের কারণে সরকার ঘোষিত হতদরিদ্র ৫০ লাখ পরিবারের জন্য আড়াই হাজার টাকা করে নগদ সহায়তা কার্যক্রমের উপকারভোগীদের তালিকা প্রণয়নে অনিয়মের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে এন-৯৫ মাস্ক সরবরাহ সংশ্লিষ্ট কেলেঙ্কারির তদন্ত প্রতিবেদন প্রকাশ না করা এবং কোনো পদক্ষেপ গৃহীত না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে জড়িতদের জবাবদিহি নিশ্চিতের আহ্বান জানিয়েছে সংস্থাটি। এছাড়া নগদ সহায়তা কার্যক্রমের তালিকায় অনেক বিত্তশালী ও জনপ্রতিনিধিদের সচ্ছল আত্মীয়স্বজনের নাম থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছে সংস্থাটি। প্রকৃত হতদরিদ্র, সুবিধাবঞ্চিত ও দুর্যোগের কারণে বিপন্ন অসচ্ছলদের হাতে যাতে এই সহায়তার টাকা পৌঁছায়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যারা এই অর্থ পাচ্ছেন বা পাবেন তাদের পূর্ণ তালিকা সর্বসাধারণের জ্ঞাতার্থে ওয়েবসাইটে প্রকাশ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী একই মোবাইল ফোন নম্বর ২০০ জন উপকারভোগীর নামের বিপরীতে ব্যবহূত হওয়ার ঘটনা কখনোই অনিচ্ছাকৃত ভুলের অংশ হতে পারে না উল্লেখ করে গতকাল শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, জাতির এই চরম সংকটময় মুহূর্তে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ গণমুখী উদ্যোগে একশ্রেণির অসাধু গোষ্ঠীর দুর্নীতিপ্রবণ মানসিকতা ও কর্মকাণ্ডে আমরা হতাশ ও উদ্বিগ্ন। দেশের এই মহাসংকটকালে সবচেয়ে বেশি বিপন্ন অবস্থায় আছে হতদরিদ্র জনগোষ্ঠী। এর সঙ্গে যুক্ত হয়েছে করোনার কারণে সৃষ্ট অচলাবস্থায় বেকার হওয়া খেটে খাওয়া মানুষ। সব ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাইরে থাকা এসব মানুষকে এই ক্রান্তিকালীন মুহূর্তে প্রধানমন্ত্রীর নগদ সহায়তা দেওয়ার উদ্যোগ সাধুবাদ পাওয়ার যোগ্য। কিন্তু তালিকা প্রণয়নে স্থানীয় পর্যায়ে অনিয়ম ও বিতরণে অদক্ষতা এবং সমন্বয়হীনতা পুরো কার্যক্রমকেই প্রশ্নবিদ্ধ করে তুলতে যাচ্ছে, যা মোটেই কাম্য নয়।
প্রধানমন্ত্রীর দুর্নীতিবিরোধী অবস্থানসহ এ বিষয়ে তার সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও প্রায় প্রতিটি ক্ষেত্রেই কার্যকর কোনো দৃষ্টান্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা এসবের তীব্র নিন্দা জানাই। মোবাইল নম্বরের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের নম্বর মিলিয়ে উপকারভোগীদের অর্থ পরিশোধ করা হবে প্রধানমন্ত্রীর অফিসের এমন বক্তব্য আশাবাদ তৈরি করলেও যথেষ্ট নয়, অনিয়মের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।