ভ্যাকসিনের জন্য বসে থাকবে না যুক্তরাষ্ট্র, স্বাভাবিকতায় ফিরবে : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, করোনা ভাইরাসের ভ্যাকসিনের জন্য বসে থাকবো না। এর আগেই স্বাভাবিকতায় ফিরবে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউজে এক ব্রিফিংয়ে এই কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রসঙ্গত, ইতিমধ্যে দেশটির কয়েকটি অঙ্গরাজ্যের সরকার লকডাউন শিথিল করে খুলে দিতে শুরু করেছে। খবর বিবিসির

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি চাই ভ্যাকসিন দ্রুত তৈরি হোক। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম পরমাণু অস্ত্র তৈরির সময় যে ধরনের প্রকল্প নেওয়া হয়েছিল সেই রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান। ভ্যাকসিনের আবিষ্কারের প্রকল্পের নাম দিয়েছেন ‘অপারেশন ওয়ার্প স্পিড’। এর নেতৃত্ব দেবেন সেনাবাহিনীর এক জেনারেল যিনি এর আগে স্বাস্থ্য বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন বলে জানান প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে ট্রাম্প চলতি বছরের শেষ দিকে ভ্যাকসিন আসবে বলে জানিয়েছিলেন। তবে বিশেষজ্ঞরা তার এই মত নিয়ে ভিন্নমত পোষণ করে বলেছেন, এই বছর ভ্যাকসিন হয়তো পাওয়া যাবে না। ট্রাম্প বলেন, আমি মনে করি না যে মানুষ কেবল ভ্যাকসিনের জন্য অপেক্ষা করবে। আমাদের স্বাভাবিক অবস্থায় ফিরতে হবে এবং সেটি আমরা শুরু করে দিয়েছি। তিনি বলেন, অনেক ক্ষেত্রেই ভ্যাকসিন দরকার হয় না। একটা ফ্লু আসে এবং যায়। তিনি বলেন, শরতকালের মধ্যেই সব স্কুল খুলে দেওয়া উচিত।