হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ঘাসিয়ার চর নামক স্থান থেকে দুটি বন্দুক, দুই রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ ৫ জলদস্যুকে আটক করেছে কোস্ট গার্ড। এসময় অপহৃত ৯ জেলেকে উদ্ধার করা হয়েছে।
শনিবার গভীর রাতে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার সূখচর ইউনিয়নের উত্তর পাশে গাসিয়ার চরের সন্নিকটে মেঘনা নদী থেকে তাদেরকে আটক করা হয়। রবিবার ভোরে তাদেরকে হাতিয়া থানায় সৌপর্দ করা হয়েছে।
হাতিয়া কোস্টগার্ড সূত্রে জানা যায়, গত দুদিন ধরে মেঘনা নদী থেকে বিচ্ছিন্ন ভাবে জলদস্যুরা ৯জন জেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করছে। এ সংবাদ পেয়ে কোস্টগার্ডের একটি টিম নদীতে অভিযানে চালিয়ে ৫ জলদস্যুকে আটক করতে সক্ষম হয়। এসময় জলদস্যুদের কাছ থেকে দুটি বন্দুক, দুই রাউন্ড তাজা গুলি ও ৫টি রামদা উদ্ধার করা হয়েছে।
এ সময় অপহৃত ৯ জেলেকে উদ্ধার করা হয়েছে। আটক ৫ জলদস্যু হলো লক্ষ্মীপুর জেলার কমলগঞ্জ থানার তালতলি ইউনিয়নের চরমাটিয়া গ্রামের মইন উদ্দিনের ছেলে মো.পারভেজ (২৭), একই জেলার একই থানার চর কাদিরা গ্রামের আব্দুর রহমানের ছেলে মো.বেলাল হোসেন (২৮) একই জেলার রামগতি উপজেলার চরগজারিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে মো.হারুন(৩৫), ভোলা জেলার তজুমদ্দি উপজেলার চরজহিরুদ্দিনের মফিজ মাস্টারের ছেলে মো.হোসেন(৩৩), লক্ষীপুর জেলার রামগতি উপজেলার চর গজারিয়ার আব্দুর রশিদের ছেলে মো.হাসান (৪৫)। উদ্ধার করা ৯জন জেলের মধ্যে একজনের বাড়ী নোয়াখালীর সূবর্নচর উপজেলায়। অন্যদের সবার বাড়ী হাতিয়া উপজেলায়।
হাতিয়া কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লে. বিশ্বজিত বড়ুয়া জানান, আটক জলদস্যুদের বিরুদ্ধে কোস্টগার্ড বাদী হয়ে অস্ত্র ও ডাকাতি আইনে হাতিয়া থানায় একটি মামলা হয়েছে।
ইত্তেফাক/এমআরএম