ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন ও ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। গতকাল রবিবার অর্থ মন্ত্রণালয়ে যোগদানপত্রে স্বাক্ষর করে বিএসইসির কর্মস্থলে যান। পরে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব ড. নাহিদ হোসেনের স্বাক্ষরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়।
এতে বলা হয়েছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন ১৯৯৩ এর ধারা ৫ ও ৬ এর বিধানাবলী প্রতিপালন করতে শিবলী রুবাইয়াতকে চার বছর মেয়াদের জন্য বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হলো।
গত ১৪ মে বিএসইসির চেয়ারম্যান প্রফেসর এম খায়রুল হোসেনের মেয়াদ শেষ হয়। আর তার স্থলাভিষিক্ত হলেন অধ্যাপক শিবলী রুবাইয়াত। বিএসইসির চেয়ারম্যান হিসেবে যোগদানের আগে তিনি সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে ২০১৬ সালে যোগ দেন তিনি।