‘অধিনায়কত্ব করার এটাই সেরা সময়’

স্পোর্টস রিপোর্টার

সন্দেহাতীতভাবে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যানদের তালিকায় মুমিনুল হকের নাম থাকবে। বাঁহাতি এই ব্যাটসম্যান সাদা পোশাকে এখন বাংলাদেশের অধিনায়ক। ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে সাকিব আল হাসান নিষিদ্ধ হওয়ার পরই তার গত বছরের শেষ দিকে দেশের নেতৃত্বের দায়িত্ব পান মুমিনুল।

বিসিবির প্রস্তাব পাওয়ার পর গৌরবের এই দায়িত্ব লুফে নিতে দ্বিধা করেননি তিনি। দলে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমের মতো সিনিয়র ক্রিকেটাররা থাকায় দায়িত্ব নেওয়ার সাহস করেছেন মুমিনুল। তার মনে হয়েছে কয়েক জন সিনিয়র ক্রিকেটার থাকায় দলের অধিনায়কত্ব করার এটাই সেরা সময়। গত শনিবার রাতে ফেসবুক লাইভে তামিমের প্রশ্নের জবাবে এমনটা বলেছেন মুমিনুল।

টেস্ট দলের অধিনায়কত্ব করা প্রসঙ্গে ২৮ বছর বয়সি এই ক্রিকেটার বলেছেন, ‘আমি অধিনায়কত্বের প্রস্তাব যখন পাই তখন আমার মনে হয়েছিল যে অধিনায়কত্ব করার এটাই সব থেকে উপযুক্ত সময়। আমার দলে চার-পাঁচটা সিনিয়র খেলোয়াড় আছে। যারা ১০ বছর ধরে ক্রিকেট খেলছে। সেই সঙ্গে আরো তিন-চার জন জুনিয়র আছে যারা দুর্দান্ত খেলোয়াড়। ভালো কিছু স্পিনার আছে সেই সঙ্গে ভালো কিছু পেসারও আছে। সব কিছু মিলিয়ে আমার মনে হয়েছে এটাই সেরা সময় অধিনায়কত্বের দায়িত্ব নেওয়ার।’

সিনিয়র-জুনিয়রদের সম্মিলিত প্রয়াসে টেস্টে বাংলাদেশ দলকে এগিয়ে নেওয়ার চিন্তাই করছেন ৯টি টেস্ট সেঞ্চুরির মালিক মুমিনুল। তিনি বলেছেন, ‘আসলে তামিম ভাই আপনারা যারা সিনিয়র আছেন তারা আমাকে সবসময় অনুপ্রেরণা দেন। আপনারা সিনিয়ররা আরো কমপক্ষে পাঁচ-ছয় বছর খেলবেন। তাই সব কিছু মিলিয়ে আমার চিন্তা এই সময়টাতে আমি দেশের টেস্ট ক্রিকেটটাকে আরো এগিয়ে নিতে পারব।’