প্রিমিয়ার ফুটবল লিগ পরিত্যক্ত

অন্যান্য টুর্নামেন্টও বাতিল

 সোহেল সারোয়ার চঞ্চল

শেষ পর্যন্ত দেশের এক নম্বর ফুটবল আসর প্রিমিয়ার লিগ পরিত্যক্ত করা হয়েছে। কাল বিকালে বাফুফের জরুরি সভা শেষে এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। বিশ্বব্যাপী করোনা মহামারির কারণে মার্চে লিগের ৬ রাউন্ড পর্যন্ত হয়ে স্থগিত করা হয়েছিল। কবে লিগ হবে না হবে তা নিয়ে অনিশ্চয়তা ছিল। ১৩ ক্লাবের মধ্যে ১১ ক্লাব দাবি তুলেছিল লিগ বাতিলের। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। তবে এই সিদ্ধান্ত নিয়ে বাফুফে অনেক বেশি সময় নষ্ট করেছে। এরমধ্যে তারা এএফসির সঙ্গেও কথা বলেছে। এএফসি সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত না দিয়ে বাফুফের কোর্টে বল দিয়ে দেয়। বাফুফে যে সিদ্ধান্ত সেটাকে এএফসি সম্মান দেবে এমন কথা জানায় বাফুফে।

গতকাল বাফুফের জরুরি সভা হয় ফুটবল ভবনে। যেখানে সভাপতি কাজী সালাহউদ্দিন নিজেই উপস্থিতি ছিলেন, সিনিয়র সহসভাপতি এবং লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী, তাবিথ আওয়াল, মাহফুজা আক্তার কিরণ, জাকির হোসেন, অমিত খান শুভ্র, ফজলুর রহমান বাবুল, ভিডিও কনফারেন্সে ছিলেন সহসভাপতি কাজী নাবিল আহমেদ, হারুনুর রশিদ, শওকত আলী খান জাহাঙ্গীর, ইলিয়াস হোসেন, সত্যজিত দাস রূপু প্রমুুখ।

লিগ যেহেতু পরিত্যক্ত তাই লিগের স্ট্যান্ডিংও ধরা হবে না। থাকবে না চ্যাম্পিয়ন কিংবা রেলিগেশন। লিগ না হলে এএফসি কাপ ফুটবলে দ্বিতীয় দলটি কে হবে সেটা অনির্ধারিত থেকে গেল। বাফুফে বলছে এএফসি কাপ ফুটবলে একটি দল খেলবে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন। লিগ হতে দ্বিতীয় দলটি নির্ধারণ হওয়ার কথা। যেহেতু হয়নি, এটি বাফুফের নির্বাচনের পর নতুন কমিটি নির্ধারণ করবে।

প্রিমিয়ার লিগ পরিত্যক্ত হলে দুইটি টুর্নামেন্ট হবে এমন কথা সালাম মুর্শেদী জানিয়েছিলেন। কাল বললেন স্বাধীনতা কাপ ফুটবল হবে না। অন্য কোনো টুর্নামেন্টও হবে না। লিগ নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত নেয়নি বাফুফে। তারা করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। বিশ্ব জুড়ে স্বাস্থ্য পরিস্থিতি কোথায় যায় তা দেখবে। পরিস্থিতি ভালো হলে বাফুফের প্রথম টার্গেট নির্বাচন সম্পন্ন করা। ফিফার নির্দেশ আছে পরিস্থিতি ভালো হলে সঙ্গে সঙ্গে নির্বাচন শেষ করতে হবে। বাফুফের এই কর্মকর্তারাই নির্বাচন করে পুনরায় চেয়ারে বসতে প্রস্তুতি নিয়েছেন। তাই হয়তো কিছু কার্যক্রম নির্বাচনের পরই শুরু করার টার্গেট। নতুন মৌসুমের লিগ নিয়ে কথা হলেও সেটি আগস্ট সেপ্টেম্বরে দলবদল। প্রশ্ন থাকল পরিত্যক্ত লিগের ক্লাবগুলোর সঙ্গে দেশি ফুটবলারদের আর্থিক চুক্তির কি হবে। এই প্রশ্নে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন এটা নিয়ে একটা গঠনমূলক সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা ক্লাব এবং খেলোয়াড়দের সঙ্গে বসব।